কিশোরগঞ্জে আমেরিকা প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
তিনি প্রায় ৩৫ বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন।
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় এক আমেরিকা প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে কোষাকান্দা গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে পাকুন্দিয়া থানার ওসি এস এম আরিফুর রহমান জানান।
মৃত ৬০ বছর বয়সী সিরাজুল ইসলাম ওই গ্রামের বজলুর রহমান ওরফে বজলু চেয়ারম্যানের বড় ভাই।
তার লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
সিরাজুল ইসলাম প্রায় ৩৫ বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। তার স্ত্রী ও তিন সন্তানও যুক্তরাষ্ট্রের নাগরিক বলে জানিয়েছে পরিবার।
স্থানীয় বাসিন্দা ও স্বজনদের ভাষ্যমতে, সিরাজুল ইসলাম প্রায় ছয় মাস আগে পরিবার রেখে একাই বাড়িতে আসেন। তিনি একা একটি ঘরে থাকতেন। বৃহস্পতিবার রাতে তিনি ঘুমাতে যান।
শুক্রবার সকালে ঘরের জানালার গ্রিলের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্বজনরা থানায় খবর দেন।
ওসি এস এম আরিফুর রহমান বলেন, “তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা, তা এখনো নিশ্চিত হওয়ব যায়নি।”
ঘটনাটি তদন্ত করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
