Published : 15 Jun 2026, 05:55 PM
পাবনায় সপ্তম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে দল থেকেও বহিষ্কার করা হয়েছে।
সোমবার ভোরে সিরাজগঞ্জের শাহজাদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান আতাইকুলা থানার ওসি মজিবর রহমান।
গ্রেপ্তার আবুল কাশেম শেখ (৪০) পাবনার আতাইকুলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি ছিলেন।
পুলিশ জানায়, ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন। তথ্য-প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে রাতভর অভিযান চালিয়ে সোমবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়।
রোববার রাতে ইউনিয়ন যুবদলের সভাপতি রাজিব হক ও সাধারণ সম্পাদক বিল্লাল সরদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অসামাজিক ও নৈতিকতাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আবুল কাশেমকে দল থেকে বহিষ্কার করা হয়।
বিজ্ঞপ্তিতে তাকে সব ধরনের সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দিয়ে তার সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার স্কুল থেকে বাড়ি ফেরার পথে সপ্তম শ্রেণির ওই ছাত্রীকে ধর্ষণচেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে।
এ ঘটনায় পর দিন শিক্ষার্থীর মা বাদী হয়ে আবুল কাশেমকে একমাত্র আসামি করে আতাইকুলা থানায় মামলা করেন।
ঘটনার প্রতিবাদে ও শাস্তির দাবিতে রোববার দুপুরে ওই শিক্ষার্থীর সহপাঠী, শিক্ষক ও স্থানীয়রা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন। পরে বিক্ষুব্ধরা আবুল কাশেমের ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।