সাতক্ষীরা সীমান্তে মাদক ‘কুশ’ জব্দ, যুবক আটক
এটি সাধারণ মাদকের চেয়ে বহুগুণ বেশি শক্তিশালী।
ভারতে পাচারের সময় সাতক্ষীরা সীমান্তে মাদকদ্রব্য ‘কুশ’ জব্দ করেছে বিজিবি। এ সময় এক যুবককে আটক করা হয়েছে।
বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে এই মাদক জব্দ করা হয়।
আটক যুবকের নাম তারিকৃজ্জামান।
বিজিবি জানায়, গাঁজার কুঁড়ির সঙ্গে অতিরিক্ত ‘টেট্রাহাইড্রো ক্যানাবিনল’ বা টিএইচসি মিশিয়ে এই মাদক প্রস্তুত করা হয়। এটি সাধারণ মাদকের চেয়ে বহুগুণ বেশি শক্তিশালী।
মাদক পাচারের নেপথ্যে থাকা চোরাচালান চক্রকে চিহ্নিত করতে তদন্ত শুরু হয়েছে বলে বিজিবি জানিয়েছে।
বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, মোট ১২ কেজি ‘কুশ’ জব্দ করা হয়েছে। এর প্রতি গ্রামের মূল্য পাঁচ থেকে ছয় হাজার টাকা। সেই হিসাবে জব্দ করা মাদক, মোটরসাইকেল ও মোবাইল ফোনের মূল্য ছয় কোটি ৩ লাখ ৬২ হাজার টাকা।
তিনি বলেন, আটক যুবকের বিরুদ্ধে থানায় মামলা হচ্ছে। তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।
