Published : 16 May 2026, 01:34 PM
ফরিদপুরের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে বিকল হওয়া ট্রাকের চাকা মেরামতের সময় বাসের চাপায় নিহত হয়েছেন ট্রাকচালক ও হেলপার। তারা সম্পর্কে বাবা-ছেলে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার ভোর সাড়ে ৪টার দিকে এক্সপ্রেসওয়ের বগাইল টোলপ্লাজার সামনে বগাইল ও বামনকান্দা এলাকার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শিবচর হাইওয়ে থানার ওসি মো. মিজানুর রহমান।
নিহতরা হলেন, যশোর সদর উপজেলার রুপদিয়া এলাকার বাসিন্দা ইউসুফ আলী (৫০) ও তার ছেলে ইয়াকুব আলী (২৬)। ইয়াকুব মালবাহী ট্রাকটির চালক ছিলেন এবং ইউসুফ আলী হেলপার হিসেবে ছেলের সঙ্গে ছিলেন।
শিবচর হাইওয়ে থানার সার্জেন্ট মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, ঢাকা থেকে ভাঙ্গাগামী মালবাহী ট্রাকটি ভোরে বগাইল টোলপ্লাজা এলাকায় পৌঁছালে পিছনের একটি চাকা বিকল হয়ে যায়। পরে সড়কের এক পাশে ট্রাকটি থামিয়ে ইয়াকুব ও তার বাবা চাকা মেরামতের কাজ করছিলেন।
এ সময় ভাঙ্গাগামী দ্রুতগতির একটি বাস পেছন দিক থেকে এসে তাদের দুজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এ সময় রাস্তার উপর ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল পিতা-পুত্রের লাশ।
দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. হেলাল উদ্দিন জানান, “দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। ঘটনাটি শিবচর হাইওয়ে থানা পুলিশ তদন্ত করছে।”
এ বিষয়ে শিবচর হাইওয়ে থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, “দুর্ঘটনায় জড়িত বাসটিকে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।”