নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু
দাগনভূইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
নোয়াখালীর সেনবাগ উপজেলায় পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ রাজারামপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে সেনবাগ থানার এসআই আব্দুর রউফ জানান।
মৃতরা হল- দক্ষিণ রাজারামপুর গ্রামের মহিন উদ্দিন ফরাজি বাড়ির কুয়েত প্রবাসী বেলাল হোসেনের মেয়ে বিবি মরিয়ম অহি (১০) ও সিদরাতুল মুনতাহা ছহির (৬)।
তারা স্থানীয় দুই মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় লোকজন বলছে, অহি ও ছহি সকালে রান্না ঘরে মাকে নাস্তা প্রস্তুত করতে বলে মাদ্রাসায় যাওয়ার জন্য ঘরের পাশের পুকুরে গোসল করতে যায়। এরপর মা নাস্তা প্রস্তুত করে তাদের ফিরতে দেরি দেখে পুকুর ঘাটে যান। সেখানে দুই বোনের জুতা দেখা গেলেও তাদেরকে না দেখে বাড়ির লোকজনকে বিষয়টি জানান মা।
পরে বাড়ির লোকজন খোঁজাখুজির এক পর্যায়ে পুকুর থেকে তাদের উদ্ধার করে পাশের দাগনভূইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পরিবারের অভিযোগ না থাকায় দুই শিশুর মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে এসআই আব্দুর রউফ জানান।
