Published : 18 Aug 2024, 11:27 AM
পাবনার সুজানগর উপজেলার চিনাখড়া কেন্দ্রীয় কবরস্থান থেকে পাঁচটি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।
শুক্রবার রাতের কোনো এক সময়ে সংঘবদ্ধ চোরের দল ওই কবরস্থানের বিভিন্ন পুরোনো কবর খুঁড়ে কঙ্কালগুলো চুরি করে নিয়ে যায় বলে জানিয়েছেন সুজানগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম।
শনিবার এলাকার শত শত মানুষ কবরস্থানে উপস্থিত হয়ে এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।
স্থানীয় বাসিন্দা ও চিনাখড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম বলেন, “শনিবার সকালে কয়েকজন শ্রমিক ওই কবরস্থানে লতাপাতা পরিষ্কার করতে যান। এ সময় তারা কয়েকটি কবর খোঁড়া দেখতে পেয়ে স্থানীয় লোকজনদের খবর দেন।
“লোকজন এসে পাঁচটি কবর খুঁড়ে রাখা অবস্থায় দেখতে পান। সেগুলোতে কোনো মরদেহ ও কঙ্কাল খুঁজে পাওয়া যায়নি।”
দুলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চিনাখড়া কেন্দ্রীয় কবরস্থান কমিটির সভাপতি সিরাজুল ইসলাম শাহজাহান জানান, যে সকল কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে, সেগুলো কয়েক বছরের পুরোনো।
সুজানগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, তারপর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, মাসখানেক আগেও পাশের আমিন থানায়ও এ ধরনের ঘটনা ঘটেছে। একটি সংঘবদ্ধ চক্র এ কাজে জড়িত আছে, তাদেরকে আইনের আওতায় আনার জোর চেষ্টা চলছে।