১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

সাভারে জুলাই হত্যা মামলায় জামালপুরের আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

গ্রেপ্তার আওয়ামী লীগ নেতার সাত দিনের রিমান্ড চেয়েছে সাভার থানা পুলিশ।

সাভারে জুলাই হত্যা মামলায় জামালপুরের আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
সাভারের হেমায়েতপুরে একটি বাসা থেকে বদরুল আলম সরদারকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2025, 06:33 PM

Updated : 26 Aug 2026, 05:09 PM

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকার সাভারে ছাত্র-জনতা হত্যা মামলার পলাতক আসামি সাবেক এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার দুপুরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা।

গ্রেপ্তার বদরুল আলম সরদার জামালপুরের মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ১ নম্বর চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

এর আগে বৃহস্পতিবার রাতে সাভারের হেমায়েতপুরে একটি বাসা থেকে বদরুল আলমকে গ্রেপ্তার করে র‍্যাব-৪। পরে রাতেই তাকে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়।

গত বছরের ৫ অগাস্টের পর থেকে বদরুল আলম ঢাকা জেলা যুবদল নেতা ইয়ার মোহাম্মদ ইয়াছিন শাওন সরকারের আশ্রয়ে থাকার অভিযোগ পাওয়া গেলেও তা অস্বীকার করেছেন তিনি।

পুলিশ জানায়, সম্প্রতি সাভারে বিভিন্ন স্থানে গাড়ি পোড়ানো ঘটনার অর্থ জোগানদাতা হিসেবে আওয়ামী লীগ নেতা বদরুল আলমের সংশ্লিষ্টতা পাওয়া গেছে।

ওসি জুয়েল মিঞা বলেন, বদরুল আলম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাভারে এক ছাত্র হত্যা মামলার আসামি। তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে আরও মামলা ও বিভিন্ন অভিযোগের বিষয়ে তদন্ত হচ্ছে।

আওয়ামী লীগ নেতা বদরুল আলমকে আশ্রয় দেওয়ার বিষয়ে যুবদল নেতা শাওন সরকারকে একাধিকবার মোবাইল করা হলে তিনি ফোন ধরেননি। পরে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠালে তিনি এ বিষয়ে কিছুই জানেন না বলে জানান।

তবে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা বদরুল আলমের সঙ্গে যুবদল নেতা শাওন সরকারের একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে।