১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বগুড়ায় যমুনার ঘূর্ণাবর্তে ধসে গেছে স্পার বাঁধের ৩০ মিটার

ভাঙনের কারণে স্পারের সঙ্গে সংযুক্ত চলাচল সড়কও বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2026, 07:10 PM

Updated : 11 Sep 2026, 03:50 PM

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর প্রবলস্রোত ও ঘূর্ণাবর্তের কারণে হাসনাপাড়া স্পারের ৩০ মিটার মাটির অংশ (স্যাংক) নদীতে ধসে গেছে। 

পাশাপাশি সৌন্দর্যবর্ধনের জন্য লাগানো একটি বটগাছ মাটি ও শিকড়সহ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। 

বৃহস্পতিবার ভোরে সারিয়াকান্দি উপজেলার হাটশেরপুর ইউনিয়নে হাসনাপাড়া স্পারে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন পানি উন্নয়ন র্বোডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সোহেল রানা।

পাউবোর কার্যালয়ের বরাতে জানা যায়, গত কয়েকদিন ধরে যমুনা নদীর পানি সারিয়াকান্দি পয়েন্টে বিপদসীমার কাছাকাছি রয়েছে। হাসনা পাড়া (২নং) স্পারের উজানে ‘রিভার সাইডে’ চর জেগে উঠায় পানির গতিপথ ‘কান্ট্রি সাইডে’ আঘাত হানছে। 

ফলে সেখানে ঘূর্ণাবর্তের সৃষ্টি হওয়ায় স্পারের স্যাংক (বাঁধের গোড়ালির মাটি) নদীতে ধসে যায়। এতে করে ওই এলাকায় বসবাসরত লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এছাড়া ভাঙনের কারণে স্পারের সঙ্গে সংযুক্ত চলাচল সড়কও বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

হাসনাপাড়ার হাফেজ উদ্দিন বলেন, “হাসনাপাড়া স্পারটি এলাকার মানুষের কাছে গুরুত্বপূর্ণ একটি স্থাপনা। এর সঙ্গে সংযুক্ত সড়ক দিয়ে স্থানীয়দের চলাচল রয়েছে। ফলে স্পারের ভাঙন শুধু একটি স্থাপনার ক্ষতি নয়, এর প্রভাব আশপাশের যোগাযোগ ব্যবস্থার ওপরও পড়তে পারে। 

এ কারণে ভাঙন দেখা দেওয়ার পর থেকেই দ্রুত স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলাম জানান, ভাঙন কবলিত স্থানে ভাঙন রোধে কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। খুব দ্রুত তারা ভাঙন নিয়ন্ত্রণ করবে। পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

পানি উন্নয়ন র্বোডের উপ বিভাগীয় প্রকৌশলী মো. সোহেল রানা বলেন, “স্পারের উজানে চর জেগে উঠায় পানির গতিপথ স্পারের দিকে ধাবিত হয় ফলে সেখানে ভাঙনের সৃষ্টি হয়। ভাঙন রোধে সেখানে বালুভর্তি জিওটেক্স বস্তা ফেলা হচ্ছে।”