কুড়িগ্রামে ২৩ মণ ভারতীয় বাসমতি চাল জব্দ
জব্দ করা চাল সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে আনা হয় বলে ভাষ্য পুলিশের।
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার একটি গোডাউন থেকে প্রায় ২৩ মণ ভারতীয় বাসমতি চাল জব্দ করেছে পুলিশ। তবে এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।
রোববার দুপুরে উপজেলা সদর ইউনিয়নের জামতলা মোড়ের ব্যবসায়ী বলরাম চন্দ্র সাহার বাড়িতে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয় বলে জানান কুড়িগ্রামের সহকারী পুলিশ সুপার (ভূরুঙ্গামারী সার্কেল) মুনতাসির মামুন মুন।
তিনি বলেন, গোপন খবর পেয়ে অভিযান চালানোর আগেই টের পেয়ে ব্যবসায়ী বলরাম সাহা পালিয়ে যান। পরে তার গোডাউন ঘর থেকে ভারতীয় ৯১৮ কেজি বাসমতি চাল জব্দ করা হয়; যার বাজার মূল্য প্রায় আড়াই লাখ টাকা।
জব্দ করা চাল উপজেলার পাথরডুবি ইউনিয়নের বাঁশজানি ও ভোটহাট সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে আনা হয় বলে জানান সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন।
এ ঘটনায় ব্যবসায়ী বলরাম চন্দ্র সাহার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয় বলে জানান তিনি।
