১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পঞ্চগড়ে স্কুলে এসে হঠাৎ লুটিয়ে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

“হাসপাতালে নিয়ে আসার আগেই ওই ছাত্রীর মৃত্যু হয়েছে।”

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2026, 03:02 PM

Updated : 26 Aug 2026, 03:30 PM

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় স্কুলে পৌঁছাতেই মাটিতে লুটিয়ে পড়ে ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার সকাল ১০টার দিকে দেবীগঞ্জ রিভারভিউ বালিকা উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে বলে প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ জানিয়েছেন।

মৃত ১৩ বছর বয়সী অনুপমা রায় দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের সোনাপাতা এলাকার রবীন্দ্রনাথ রায়ের মেয়ে।

বিদ্যালয়ের প্রত্যক্ষদর্শীরা বলেন, অনুপমা প্রতিদিনের মতো বাইসাইকেলে করে স্কুলে আসে। স্কুল প্রাঙ্গণে সাইকেল থেকে নামার পরপরই হঠাৎ সে মাটিতে লুটিয়ে পড়ে।‎

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, “আমরা দ্রুত তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই।”

স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. গোপাল চন্দ্র রায় বলেন, “হাসপাতালে নিয়ে আসার আগেই ওই ছাত্রীর মৃত্যু হয়েছে।”