Published : 03 Jun 2026, 01:19 PM
বরগুনার আমতলী উপজেলায় একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
আমতলী থানার এসআই মাসুদুর রহমান জানান, বুধবার সকাল ১০টার দিকে আমতলী পৌরসভা ২ নম্বর ওয়ার্ডের এ কে স্কুল সংলগ্ন মোহাম্মদ ইউসুফের নির্মানাধীন ভবনে এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিকরা হলেন- আমতলীর চাওড়া ইউনিয়নের বেতমোর গ্রামের জাফর (৫৫) এবং হলদিয়া গ্রামের জাহিদ (৩৫)।
আমতলী ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার মোহাম্মদ সোহেল বলেন, “মোহাম্মদ ইউসুফের নির্মাণাধীন ভবনের পুরাতন একটি সেপটিক ট্যাংকে দুজন শ্রমিক কাজ করার জন্য নামেন।
“ট্যাংকটির মুখ দীর্ঘদিন বন্ধ থাকায় ভেতরে তৈরি হওয়া ‘বিষাক্ত গ্যাসে’ আক্রান্ত হয়ে তারা দুজনই ভেতরে অচেতন হয়ে পড়েন। এ সময় তাকে উদ্ধার করতে আরেক শ্রমিক ভেতরে গেলে তিনিও জ্ঞান হারিয়ে ফেলেন।”
এসআই মাসুদুর রহমান বলেন, “স্থানীয়দের ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে নির্মাণাধীন ভবনের পুরতন সেপটিক ট্যাংকের ভেতর থেকে দুজনকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাই। পরে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।”
আমতলী থানার ওসি মো. আবু শাহাদাৎ মোহাম্মদ হাসনাইন পারভেজ বলেন, “খবর পেয়েই পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার অভিযান চালায়।
“নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।”