নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ টাকা জরিমানা
এ সময় ১৮টি অবৈধ সংযোগ বিচ্ছিন্নের পাশাপাশি প্রায় ১৫ লাখ টাকা বকেয়া আদায় করা হয়।
নরসিংদীর শিবপুর ও সদর উপজেলায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং বকেয়া বিল আদায়ে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এ সময় দুই লাখ টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার পরিচালিত এ অভিযানে ১৮টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি প্রায় ১৫ লাখ টাকা বকেয়া আদায় করা হয় বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন।
তিনি বলেন, অভিযানে অবৈধ সংযোগ গ্রহণ ও আইন লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে ৮টি মামলায় মোট দুই লাখ সাত হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম নেপাল কান্তি দেব।
জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, অবৈধ গ্যাস সংযোগ রাষ্ট্রীয় সম্পদের অপচয় ও রাজস্ব ক্ষতির মূল কারণ। এ ছাড়া এটি বৈধ গ্রাহকদের স্বাভাবিক সরবরাহ বিঘ্নিত করার পাশাপাশি চরম ঝুঁকি তৈরি করছে।
গ্যাসের অপব্যবহার ও অবৈধ সংযোগের বিরুদ্ধে এ ধরনের কঠোর ও তদারকিমূলক অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
