১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নারায়ণগঞ্জে পোশাক কারখানার স্টোররুমে কর্মকর্তার ঝুলন্ত লাশ

“উনি নামাজ-কালাম পড়তেন, ভালো মেজাজের মানুষ ছিলেন। তার আত্মহত্যা করার কোনো কারণ নেই।”

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2026, 02:59 PM

Updated : 26 Aug 2026, 03:35 PM

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পোশাক কারখানার ভেতরে ঝুলন্ত অবস্থায় এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে এনায়েতনগর ইউনিয়নের বারৈভোগ এলাকায় অ্যাসরোটেক্স গ্রুপের ‘ফারিহা নিটটেক্স লিমিটেড’ কারখানার স্টোররুমে লাশটি মেলে বলে ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুব আলম জানিয়েছেন। 

নিহতের ইদ্রিস আলী (৪৩) সোনারগাঁ উপজেলার গোয়ালদীর আবুল কাশেমের ছেলে এবং কারখানাটির সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) পদে কর্মরত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

কারখানার একজন শ্রমিক সকাল ১০টার দিকে ইদ্রিসের মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন বলে জানিয়েছেন কারখানার সিকিউরিটি ম্যানেজার মোহাম্মদ মনির হোসেন। 

তিনি বলেন, “সোমবার সন্ধ্যায় ৭টায় ছুটির পর তার গাড়িতে করে বাড়িতে ফেরার কথা ছিল। কিন্তু তার সহকর্মীরা তাকে ফোন দিয়েও পাচ্ছিল না। পরে তাকে ছাড়াই গাড়ি ছেড়ে যায়।”

মনির বলেন, “ইদ্রিসের মরদেহটি যে স্টোররুমে মিলেছে সেটি নিয়ন্ত্রণেরও দায়িত্বে ছিলেন তিনিই। ওই ঘরটির লাইট বন্ধ ছিল।”

নিহতের স্ত্রী হাফিজা আক্তার বলেন, প্রতিদিন সন্ধ্যায় তার স্বামী কারখানার গাড়িতেই বাড়ি ফেরেন। সোমবার না ফেরায় তার মোবাইলে কল দিলেও কেউ রিসিভ করেননি। পরে বিষয়টি কারখানার কর্মকর্তাদের জানালে তাদের পক্ষ থেকে বলা হয়, ইদ্রিস কারখানায় নেই।

তিনি বলেন, “আমরা পুলিশকেও জানিয়েছিলাম রাতেই। সকালে শুনি স্টোররুমে লাশ পাওয়া গেছে। উনি নামাজ-কালাম পড়তেন, ভালো মেজাজের মানুষ ছিলেন। তার আত্মহত্যা করার কোনো কারণ নেই। আমাদের এ মৃত্যু নিয়ে সন্দেহ হচ্ছে।”

এ ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণের কথাও জানিয়েছেন নিহতের স্ত্রী।

এদিকে ওসি মাহবুব বলছেন, পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠাতে কারখানার সামনে গেলে নিহতের সহকর্মী ও শ্রমিকদের ক্ষোভের মুখে পড়ে। পরে শ্রমিকদের বুঝিয়ে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় আইনগত ব্যাবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। 

এদিকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার' অভিযোগ তুলে সেখানে বিক্ষোভ করছেন কারখানাটির শ্রমিকরা। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন।