Published : 13 Aug 2026, 02:52 PM
চাঁদপুরে ব্যবসায়ী হত্যা মামলায় দুই আসামির মধ্যে একজনকে মৃত্যুদণ্ড এবং অপর একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. কামাল হোসাইন এ রায় ঘোষণা করেন।
আসামিদের মধ্যে হৃদয় সূত্রধরকে মৃত্যুদণ্ড এবং জয় বিশ্বাস অনিককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
সাজার পাশাপাশি তাদের দশ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন বিচারক; অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
রায় ঘোষণার সময় হৃদয় আদালতে উপস্থিত ছিলেন। তবে জয় পলাতক রয়েছেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সালমা জানিয়েছেন।
মামলার বিবরণে বলা হয়, ব্যবসায়ী অমর ভক্ত ওরফে অমর সরকার চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার সারপাড় এলাকার বাসিন্দা। তিনি নারায়ণপুর বাজারে জুয়েলারি ব্যবসার পাশাপাশি বিকাশ ও নগদের ব্যবসা করতেন। প্রতিদিন দোকান বন্ধ করে স্বর্ণালংকার ও নগদ টাকা সঙ্গে নিয়ে বাড়ি ফিরতেন।
২০২২ সালের ২১ ফেব্রুয়ারি রাতে অমর সরকার দোকান থেকে বাড়ি ফেরেননি। রাত গভীর হলে পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির কাছাকাছি একটি স্থানে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। এ ঘটনায় তার বাবা রবি ভক্ত বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় হত্যা মামলা করেন।
মামলার এজাহারে বলা হয়, অমর সরকারের ব্যবসাপ্রতিষ্ঠানে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যাওয়ার উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়। তদন্ত শেষে পুলিশ দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী সালমা রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, ২১ জন সাক্ষীর সাক্ষ্য ও অন্যান্য প্রমাণ পর্যালোচনা করে আদালত সঠিক রায় দিয়েছেন।
আসামিপক্ষে আইনজীবী ছিলেন এসডিএলআর শফিকুল ইসলাম ভূঁইয়া ও জহিরুল ইসলাম।
রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হৃদয় সূত্রধরের দণ্ড উচ্চ আদালতের অনুমোদন সাপেক্ষে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে পলাতক আসামি জয় বিশ্বাস অনিকের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেয় আদালত।