১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

পঞ্চগড়ে বন্ধুদের সঙ্গে করতোয়ায় গোসল নেমে কিশোরের মৃত্যু

১৩ থেকে ১৪ জন কিশোর একসঙ্গে নদীতে গোসল শেষে সবাই উঠে এলেও সাব্বির নিখোঁজ ছিল।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2026, 09:56 PM

Updated : 11 Sep 2026, 03:45 PM

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বন্ধুদের সঙ্গে করতোয়া নদীতে গোসল করতে নেমে এক কিশোরের মৃত্যু হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের বালাপাড়া এলাকায় এ ঘটনা ঘটনা ঘটে বলে জানিয়েছেন দেবীগঞ্জ থানার ওসি মো. মুসা মিয়া।

নিহত সাব্বির রহমান (১৩) ওই এলাকার ছমেদ আলীর ছেলে। সে স্থানীয় মাঝিয়ালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১২টার দিকে ১৩ থেকে ১৪ জন কিশোর একসঙ্গে করতোয়া নদীতে গোসল করতে নামে। গোসল শেষে একে একে সবাই নদী থেকে উঠে এলেও সাব্বির নিখোঁজ ছিল। 

বিষয়টি বুঝতে পেরে অন্যরা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয় লোকজন উদ্ধারকাজে যোগ দেন। প্রায় এক ঘণ্টা পর নদী থেকে তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

ওসি মুসা মিয়া বলেন, খবর পেয়ে হাসপাতাল এবং ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। লাশের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা হয়েছে।