Published : 06 Nov 2025, 05:13 PM
নেত্রকোণার বারহাট্টা উপজেলা থেকে বিপুল ভারতীয় পণ্যসহ একটি কভার্ড ভ্যান জব্দ করেছে পুলিশ। জব্দ করা পণ্যের মূল্য প্রায় কোটি টাকা। এ ঘটনায় গাড়ি চালকসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার কাকুড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান বারহাট্টা থানার ওসি মো. কামরুল হাসান।
আটকরা হলেন- কভার্ড ভ্যান চালক ইব্রাহিম (২৫) ও তার সহকারী সাব্বির (১৯)।
ওসি কামরুল হাসান বলেন, কাকুড়া বাজার এলাকায় সন্দেহজনকভাবে একটি কভার্ড ভ্যান চলাচল করছিল। পরে স্থানীয়দের সহায়তায় ভ্যানটি আটক করে থানায় নেওয়া হয়। গাড়িটি তল্লাশি করে ভারতীয় শাড়ি, থ্রিপিসসহ আরও অনেক পণ্য পাওয়া যায়। আটক করা হয় কভার্ড ভ্যান চালক ও সহকারীকে।
তিনি বলেন, জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য কোটি টাকা। তবে সঠিক পরিমাণ ও মূল্য নির্ধারণের কাজ চলছে।
এ ঘটনায় মামলা দিয়ে আটকদের আদালতে সোপর্দ করা হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।