Published : 17 Mar 2026, 06:59 PM
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মাদাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বিপ্লব জামিন পেয়ে কারাগার থেকে বের হওয়ার পর পরই ফের গ্রেপ্তার হয়েছেন।
জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ওসি সাদ ইসলাম বলেন, মঙ্গলবার সকালে জেলা কারাগারের ফটক থেকে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে।
তবে তাৎক্ষণিকভাবে তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে তা স্পষ্ট করেননি তিনি।
সম্প্রতি বিপ্লবের সঙ্গে উপজেলা বিএনপির এক নেতার কথোপকথনের একটি অডিও ভাইরাল হয়েছে। সেখানে বিএনপি নেতাকে ইউপি চেয়ারম্যান বিপ্লবের কাছে সংসদ সদস্যের নামে ভিজিএফের চালের ৩০ শতাংশ দাবি করতে শোনা গেছে। এ অডিও নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে।
১১ মার্চ রাতে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় অজ্ঞাত আসামি হিসেবে বাড়ি থেকে বিপ্লবকে গ্রেপ্তার করে কালীগঞ্জ থানা পুলিশ। সোমবার জেলা ও দায়রা জজ আদালত তার জামিন মঞ্জুর করে।
তবে জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছাতে দেরি হওয়ায় তিনি সেদিন মুক্তি পাননি। সকালে মুক্তি পাওয়ার পর পরই পুলিশ তাকে আবার গ্রেপ্তার করে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, জেল গেইটে আইনজীবী ও স্বজনরা বিপ্লবকে অভ্যর্থনা জানিয়ে গাড়ির দিকে নিয়ে যাওয়ার সময় ডিবি পুলিশের একটি দল পথরোধ করে। ধস্তাধস্তির মধ্যে পুলিশ জোর করে বিপ্লবকে গাড়িতে তুলে নিয়ে যায়।
চেয়ারম্যানের বড় ভাই অ্যাডভোকেট হুমায়ুন কবির কাজল অভিযোগ করে বলেন, “আদালত জামিন দেওয়ার পরও কোনো সুনির্দিষ্ট পরোয়ানা বা নতুন মামলা ছাড়াই তাকে কারাগারের ফটক থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে।”
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়া একটি অডিওতে কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুজ্জামান সবুজের কণ্ঠ সদৃশ একজনকে ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বিপ্লবের সঙ্গে চালের ভাগ নিয়ে কথা বলতে শোনা যায়।
এক মিনিট ৪৮ সেকেন্ডের ওই অডিও নিয়ে স্থানীয়ভাবে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যদিও বিএনপির নেতা তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
স্থানীয় বিএনপি নেতা ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, শামসুজ্জামান সবুজের সঙ্গে ইউপি চেয়ারম্যানের কথোপকথনের বিষয়টি ১০ মার্চের। এর পরদিন ১১ মার্চ রাতে পুলিশ নাশকতার পুরনো একটি মামলায় চেয়ারম্যান বিপ্লবকে গ্রেপ্তার করে। পরদিন তাকে কারাগারে পাঠানো হয়। বৃহস্পতিবার অডিওটি ভাইরাল হয়।
জাহাঙ্গীর আলম বিপ্লবকে জেলগেট থেকে ফের গ্রেপ্তারের ঘটনাটিকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলেছেন তার ভাই হুমায়ুন কবির কাজল।
জাহাঙ্গীর হোসেন বিপ্লব কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। বিগত ইউপি নির্বাচনে তিনি আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ হিসেবে স্বতন্ত্রভাবে নির্বাচন করে জয়লাভ করেন।
'এমপি সাহেবের থার্টি পারসেন্ট বুঝাইয়া দিছেন', বিএনপি নেতার অডিও ফাঁস