Published : 30 Mar 2026, 02:48 PM
চুয়াডাঙ্গায় জ্বালানি তেলের পাম্পগুলোতে শৃঙ্খলা ফেরাতে এবং কালোবাজারি রোধে ‘ফুয়েল কার্ড’ বিতরণ কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন।
সোমবার সকাল ৯টা থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে এই কার্যক্রম শুরু হয় বলে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিএম তারিক উজ জামান জানিয়েছেন।
ফুয়েল কার্ড সংগ্রহ করতে সকাল ৬টা থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে লাইনে দাঁড়াতে শুরু করেন গ্রাহকরা। বেলা গড়ালে লাইনও দীর্ঘ হয়। সেখানে দাঁড়িয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে কার্ড সংগ্রহের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় তাদের।
এর আগে রোববার জেলা প্রশাসনের এক সভায় জানানো হয়, ৩০ ও ৩১ মার্চ জেলা প্রশাসক কার্যালয় থেকে যানবাহনের জন্য ফুয়েল কার্ড বিতরণ শুরু হবে। কার্ড সংগ্রহ করতে হলে সংশ্লিষ্ট যানবাহনের রেজিস্ট্রেশন নম্বর, চালকের ড্রাইভিং লাইসেন্স নম্বর ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে।

পহেলা এপ্রিল থেকে শুধুমাত্র ফুয়েল কার্ডধারী যানবাহনেই জ্বালানি তেল সরবরাহ করা হবে। প্রয়োজন অনুযায়ী তেল দেওয়া হবে এবং প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত জেলার ২২টি পাম্পে একযোগে তেল বিক্রি চলবে।
তবে কৃষকদের জন্য এ নিয়ম শিথিল রাখা হয়েছে। কৃষিকাজে ব্যবহৃত ডিজেল আগের মতোই ২৪ ঘণ্টা বিক্রি করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারিক জামান বলেন, ‘ফুয়েল কার্ডের মাধ্যমে জ্বালাানি সংগ্রহ শুরু হলে তেলপাম্পগুলোতে বিশৃঙ্খলা রোধ করা যাবে।
“এমনকি কালোবাজারির চেষ্টা যারা করছে তাদেরও নিয়মের মধ্যে আনা সম্ভব হবে। ফলে জ্বালানি সরবরাহ ও ব্যবস্থাপনা অনেকটাই স্বাভাবিক হবে।”