১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বান্দরবানে ত্রিপুরা শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ২ যুবক

দুই দিন আগে মধ্যরাতে ঘরে ঢুকে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে দাবি স্বজনদের।

বান্দরবানে ত্রিপুরা শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ২ যুবক
প্রতীকী ছবি

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2025, 03:38 PM

Updated : 26 Aug 2026, 05:24 PM

বান্দরবানের লামা উপজেলায় ত্রিপুরা সম্প্রদায়ের নয় বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ঘটনায় শিশুটির বাবার করা মামলায় শুক্রবার সকালে আসামিদের বান্দরবানের মুখ্য হাকিম আদালতে পাঠানো হয় বলে জানান গজালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কাজল হালদার।

এর আগে বৃহস্পতিবার ভোরে উপজেলার গজালিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।

গ্রেপ্তাররা হলেন- গজালিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. ফরিদ (১৯) এবং লামা পৌর এলাকার হাসপাতাল পাড়ার বাসিন্দা ফয়েজ আহম্মদ (২৩)।

মামলার বরাতে এসআই কাজল হালদার বলেন, “বুধবার রাতে উপজেলার একটি পাড়ায় বড়দিনের অনুষ্ঠান দেখে রাতে বাসায় ফেরেন ত্রিপুরা সম্প্রদায়ের একটি পরিবার। বাবা-মা এক কক্ষে এবং তাদের নয় বছর মেয়ে অন্য কক্ষে ঘুমায়।

“রাত ২টা ৪০ মিনিট থেকে ৩টার মধ্যে এক যুবক ঘরে ঢুকে শিশুটির মুখ চেপে ধর্ষণচেষ্টা চালায়। শিশুটির চিৎকার শুনে বাবা-মা টের পেয়ে ঘরে গিয়ে এক যুবককে ধরে ফেলেন। পরে প্রতিবেশীদের সহায়তায় আরও এক যুবককে ধরে বেঁধে রাখা হয়। খবর পেয়ে তাদেরকে আটক করে থানায় নেয় পুলিশ।”

এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে থানায় ধর্ষণ চেষ্টায় অভিযোগে ওই দুই যুবকের বিরুদ্ধে মামলা করেন বলে জানান এসআই কাজল।

আটক দুজনকে গ্রেপ্তার দেখিয়ে সকালে আদালতে পাঠানো হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।