১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

গাজীপুরে ৫ জনের প্রাণ কাড়ল কভার্ডভ্যান

চালককে প্রাথমিক চিকিৎসা দিয়ে মুমূর্ষু অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2024, 01:21 PM

Updated : 26 Aug 2026, 10:28 AM

গাজীপুরের কালীগঞ্জে কভার্ডভ্যান চাপায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছে।

শনিবার রাত পৌনে ১১টার দিকে টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের মূলগাঁও মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নরসিংদীর শিবপুর উপজেলার আখরাশাল এলাকার আব্দুর রহমানের স্ত্রী রাবেয়া বেগম (৭০) ও ছেলে মোহাম্মদ আলী (৫৫), মোহাম্মদ আলীর ছেলে আমান উল্লাহ (৫), গাজীপুরের নোয়াগাঁও অষ্টগণ কলোনির সুবাস কর্মকারের ছেলে অমল কুমার কর্মকার (৩৯) এবং সাতক্ষীরা সদরের হাজিপুর এলাকার মগরব আলীর ছেলে নাজমুল হোসেন (৩৫)।

ফায়ার সার্ভিস সদস্য ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে,  একটি কভার্ডভ্যান চাপায় ঘটনাস্থলেই মারা যায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী। গুরুতর আহত অবস্থায় শিশু আমান ও চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। 

সেখানে ওই শিশুকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আর চালককে প্রাথমিক চিকিৎসা দিয়ে মুমূর্ষু অবস্থায় পাঠানো হয় ঢাকায়। তার পরিচয় জানা যায়নি।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মোস্তাফিজুর রহমান বলেন, “খবর পেয়ে রাত ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে এক নারীসহ চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া স্থানীয়রা এক শিশুকে হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করা হয়।”

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রেজিনা আফরিন বলেন, “রাত সাড়ে ১১টার দিকে আমান উল্লাহ নামের এক শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।‌ 

“এছাড়াও মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা সিএনজি চালককে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার্ড করা হয়েছে।”