২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে স্ত্রীসহ প্রাণ গেল সেনাসদস্যের

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শিকারীকান্দা এলাকায় পৌঁছালে একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয় মোটরসাইকেলটি।

মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে স্ত্রীসহ প্রাণ গেল সেনাসদস্যের
প্রতীকী ছবি

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2024, 10:25 AM

Updated : 10 Sep 2026, 12:17 PM

ময়মনসিংহে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় এক সেনাসদস্য ও তার স্ত্রী নিহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় নগরীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শিকারীকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন। 

নিহতরা হলেন, নগরীর আকুয়া সরকার বাড়ি এলাকার নাজমুল পারভেজ (৩২), ও তার স্ত্রী দিলরুবা জেবিন (২৩)। নাজমুল সেনাবাহিনীতে সদস্য হিসাবে কর্মরত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

স্বজন ও প্রত্যক্ষদর্শীদের বরাতে পরিদর্শক আনোয়ার বলেন, শুক্রবার বিকালে স্ত্রী দিলরুবা জেবিনকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন নাজমুল পারভেজ। মোটরসাইকেল নিয়ে তারা ত্রিশালে গিয়েছিলেন। 

“সেখান থেকে ফেরার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শিকারীকান্দা এলাকায় পৌঁছালে একটি ট্রাকের পিছনে ধাক্কা দেয় মোটরসাইকেলটি। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান।”

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। 

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান আনোয়ার হোসেন।