Published : 30 Aug 2026, 12:49 PM
কাপ্তাই হ্রদের পানির চাপ কমাতে এবার তিন ফুট করে খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি স্পিলওয়ের গেইট বা জলকপাট।
শনিবার রাত থেকে ধাপে ধাপে বাড়িয়ে রোববার সকাল ১০টার দিকে চতুর্থ দফায় জলকপাট ৩ ফুট করে খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যস্থাপক মাহমুদ হাসান।
ব্যবস্থাপক বলেন, এতে প্রতি সেকেন্ডে ৫৮ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশিত হচ্ছে। বর্তমানে কাপ্তাই লেকের পানির স্তর ১০৬ দশমিক ২২ ফুট রয়েছে।
পানির স্তর আর বাড়ছে না স্থিতিশীল রয়েছে। বিদ্যুৎকেন্দ্রটির পাঁচটি ইউনিট থেকে ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে, বলে জানান তিনি।
এর আগে শনিবার বিকালে এক জরুরি বিজ্ঞপ্তিতে কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্র জানিয়েছিল, পানি ব্যবস্থাপনা এবং উজান ও ভাটি এলাকার বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে শনিবার রাত ১০টার দিকে ১৬টি গেইট ছয় ইঞ্চি করে খুলে দেওয়া হতে পারে।
তবে নির্ধারিত সময় রাত ১০টার আগেই, রাত ৮টা ২০ মিনিটে কর্তৃপক্ষ কাপ্তাই বাঁধের গেইটগুলো ছয় ইঞ্চি করে খুলে দেয়।
কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের নিয়ন্ত্রণকক্ষ সূত্রে জানা গেছে, পানির চাপ বাড়তে থাকায় পরে রাত সাড়ে ১০টার দিকে তা আরও এক ফুট বাড়ানো হয়। এরপর রোববার সকাল ৬টা ৪৫ মিনিটে গেটগুলো আরও এক ফুট বাড়িয়ে দুই ফুট এবং সবশেষ সকাল ১০টায় আরও এক ফুট বাড়িয়ে তিন ফুট পর্যন্ত খোলা হয়।
আগের সংবাদ