১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

স্বৈরাচারকে গণতন্ত্র দিয়ে মোকাবিলা করতে হয়: বগুড়ায় মান্না

“আমি আওয়ামী লীগ করেছি মেলা দিন। ছেড়ে চলে এসেছি কেন? আমি মনে করেছি, আওয়ামী লীগ তার নীতিতে নেই।”

স্বৈরাচারকে গণতন্ত্র দিয়ে মোকাবিলা করতে হয়: বগুড়ায় মান্না
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান বন্দরে গণসংযোগ করছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2026, 10:26 PM

Updated : 26 Aug 2026, 02:51 PM

স্বৈরাচারকে গণতন্ত্র দিয়ে মোকাবিলা করার কথা বলেছেন বগুড়া-২ আসনের প্রার্থী ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

তিনি বলেছেন, “স্বৈরাচারকে স্বৈরাচার দিয়ে মোকাবিলা করা যায় না। স্বৈরাচারকে গণতন্ত্র দিয়ে মোকাবিলা করতে হয়।”

সোমবার বিকালে শিবগঞ্জ উপজেলার মহাস্থান বন্দরে নিজ আসনে গণসংযোগকালে একথা বলেন তিনি।

কেটলি প্রতীকের প্রার্থী মান্না বলেন, “আমি আওয়ামী লীগ করেছি মেলা দিন। ছেড়ে চলে এসেছি কেন? আমি মনে করেছি, আওয়ামী লীগ তার নীতিতে নেই। 

“এখন আওয়ামী লীগ যদি দুঃখ প্রকাশ করে অনুতপ্ত হয় আবার নীতিতে ফিরে আসে তাহলে- সবাইতো বলছে, যে সবাইকে নিয়েই আমরা দেশ গড়ব। আমি তাতেও থাকব।”

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপর বিএনপির জোট শরীক হিসেবে বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নার নাম ঘোষণা করা হয়। তবে পরে এ আসেন নিজেদের প্রার্থী দেয় বিএনপি।

এ বিষয়ে মান্না বলেন, “আমাকে ঘোষণা করার পরও তাদের (বিএনপি) নিজেদের দলের কাউকে দিয়েছে, আমি মনে কিছু করি নাই। কারণ তাদের নিজেদের দলের ব্যাপার, তারা যা ইচ্ছে তাই করতে পারে।

“কিন্তু আমার লড়াই আমি করব, সেটা আমি ছাড়ব না। এজন্যই আমি এখানে আসছি।”

তবে ব্যক্তিগতভাবে কারো সমালোচনা করতে চান না নাগরিক ঐক্যের সভাপতি।

এদিন তিনি দেউলী ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন। পরে সন্ধ্যায় উপজেলা সদরে ডিজিটাল প্রচারণা গাড়ি উদ্বোধন করেন মান্না।

এ সময় বগুড়া জেলা নাগরিক ঐক্যের পিয়াল রহমান, শিবগঞ্জ উপজেলা নাগরিক ঐক্যের আহ্বায়ক শহীদুল ইসলাম, সদস্যসচিব এনামুল হক, পৌর কমিটির আহ্বায়ক রুহুল আমিন, মাহবুব মোরশেদ, যুব ঐক্যের নেতা অমিত হাসান উপস্থিত ছিলেন।