১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

১৮ ঘণ্টা ভুগিয়ে সুনামগঞ্জে শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার

“দুই পক্ষের সঙ্গে আমরা বসেছিলাম। বিষয়টি সমঝোতার ভিত্তিতে শেষ হয়েছে।”

সুনামগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2025, 02:04 PM

Updated : 26 Aug 2026, 01:30 PM

সুনামগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে ভাড়া নিয়ে দ্বন্দ্ব ও মারামারির জেরে ডাকা কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন পরিবহন শ্রমিকরা।  

সোমবার বেলা ১২টায় জেলা প্রশাসনের সঙ্গে পরিবহন মালিক ও শ্রমিকদের বৈঠকের পর কর্মবিরতি তুলে নেন শ্রমিকরা।

এর আগে শ্রমিক এবং সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বন্দ্বের জেরে রোববার সন্ধ্যা ৬টা থেকে সুনামগঞ্জের পরিবহন শ্রমিকরা কর্মবিরতি শুরু করেন।

১৮ ঘণ্টা পর কর্মবিরতি প্রত্যাহার হলে বাসসহ অন্য যানবাহন চলাচল শুরু হয়। তবে গাড়ি বন্ধ থাকায় পুরো সময়টায় চরম ভোগান্তি পোহাতে হয়েছে সাধারণ যাত্রীদের।

সুনামগঞ্জ জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. নূরুল হক বলেন, “আমরা তিন দফা দাবিতে কর্মবিরতি পালন করার ১৮ ঘণ্টা পর প্রশাসনের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছি।

“এখন বাসসহ অন্যান্য যান চলাচল শুরু হয়েছে।

সুনামগঞ্জ জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা বলেন, রোববার সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সঙ্গে বাস ভাড়া নিয়ে বাস চালক ও হেলপারের কথা কাটাকাটি ও মারামারির ঘটনা ঘটে। এর প্রতিবাদে রোববার বিকালে সুনামগঞ্জ বাসস্টেশনে প্রায় দুই ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করেন পরিবহন শ্রমিকরা। পরে অবরোধ প্রত্যাহার করে নিলেও সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেন শ্রমিকরা।

এই কর্মসূচিতে পরিবহন মালিক সমিতি ও অন্যান্য পরিবহন শ্রমিক সংগঠনও সংহতি জানায়। ফলে রোববার রাত থেকে সুনামগঞ্জ সিলেট সড়কে বাস চলাচল বন্ধ হয়ে যায়। অন্য গাড়িও সীমিত আকারে চলেছে। সমস্যা সমাধানে জেলা প্রশাসন পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে বৈঠকে বসার সিন্ধান্ত নেন।

সুনামগঞ্জ বাস মিনিবাস ও মাইক্রোবাস মালিক সমিতির কোষাধ্যক্ষ মোরশেদ আলম বৈঠকে উপস্থিত ছিলেন।

পরে তিনি সাংবাদিকদের বলেন, “প্রশাসন শ্রমিসকদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছে। একই সঙ্গে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে একটি বাস সরবরাহ করা হয়েছে।

“তাই আমাদের শ্রমিকরা তাদের কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন।”

দীর্ঘ সময় বাস বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়ছড়া এলাকার বাসিন্দা জালাল মিয়া।

তিনি বলেন, “আমি জরুরি কাজে সিলেট যাওয়ার জন্য এই বৃষ্টির মধ্যে সুনামগঞ্জে এসে জানতে পারি বাস চলাচল বন্ধ। পরিবহন শ্রমিক ও মালিকরা পূর্ব ঘোষণা ছাড়াই সবসময় যাত্রীদের জিম্মি করে কর্মসূচি দেয়।

“এ কারণে সাধারণ যাত্রীরা বিপাকে পড়েন। এতে তাদের অনেক ক্ষতি হয়েছে।”

সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কুমার পাল বলেন, “দুই পক্ষের সঙ্গে আমরা বসেছিলাম। বিষয়টি সমঝোতার ভিত্তিতে শেষ হয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।”

সুনামগঞ্জে শ্রমিক-শিক্ষার্থী দ্বন্দ্বে পরিবহন ধর্মঘট, যাত্রীদের ভোগান্তি