১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

লক্ষ্মীপুরে ঝড়ে ভেঙে পড়া গাছে মোটরসাইকেলের ধাক্কা, চালকের মৃত্যু

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2026, 09:27 AM

Updated : 26 Aug 2026, 03:11 PM

লক্ষ্মীপুরের সদর উপজেলায় ঝড়ে পড়ে যাওয়া গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার রাত সাড়ে ১২টার দিকে ভবানীগঞ্জ কলেজের সামনে লক্ষ্মীপুর-রামগতি সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি ওয়াহিদ পারভেজ জানান।

মৃত ২৮ বছর বয়সী মনোহরী দাস কলমনগর উপজেলার চর লরেন্স ইউনিয়নের কর্মজীত সাদুর ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা বলেন, মনোহরী লক্ষ্মীপুর থেকে মোটরসাইকেলে করে বাড়িতে যাচ্ছিলেন। পথে প্রচণ্ড ঝড় হয়। এতে সড়কের ওপর ভেঙে পড়া গাছের সঙ্গে মোটরসাইকেল ধাক্কা লেগে গুরুতর আহত হন মনোহরী।

এ সময় মোটরসাইকেলে একাই ছিলেন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মনোহরীকে মৃত ঘোষণা করেন। 

ওসি ওয়াহিদ পারভেজ বলেন, “ঝড়ের কবলে সড়কের ওপর গাছ ভেঙে পড়ে। ওই গাছের সঙ্গে ধাক্কা লেগে এক যুবক মারা যায়।”

নিহতের লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্র্তা।