১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বোমা আতঙ্ক নিয়ে উদ্বেগের কারণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

“দেশে বর্তমানে নাশকতা ও এ ধরনের অপরাধের হার অনেক কম।”

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2026, 03:22 PM

Updated : 11 Sep 2026, 03:46 PM

দেশের বিভিন্ন স্থানে পরিত্যক্ত ব্যাগকে কেন্দ্র করে বোমা আতঙ্ক নিয়ে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। 

তিনি বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনী ‘সর্বোচ্চ সতর্ক অবস্থানে’ রয়েছে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রোববার সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রথম পর্যায়ের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সবশেষ উদ্ধার হওয়া পরিত্যক্ত ব্যাগগুলো পরীক্ষা করে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। জননিরাপত্তার স্বার্থে কোথাও পরিত্যক্ত ব্যাগ বা সন্দেহজনক কোনো বস্তু দেখা গেলে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কতার সঙ্গে তা পরীক্ষা করে থাকে।”

তিনি বলেন, “গতকাল (শনিবার) যেসব পরিত্যক্ত ব্যাগ পাওয়া গেছে, সেগুলোতে কোনো বোমা বা বিস্ফোরক ছিল না। সার্বিক পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে এবং জনসাধারণের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।”

আশুলিয়ায় একটি প্রেসার কুকারের ভেতর থেকে উদ্ধার হওয়া বস্তু এবং মতিঝিলে পাওয়া সন্দেহজনক বস্তুটির বিষয়ে তদন্ত চলছে বলে জানান তিনি। এসব ঘটনার পেছনে কারা জড়িত কিংবা কোনো ইন্ধন রয়েছে কি-না, তা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে।

গত পাঁচ থেকে ছয় মাসের অপরাধ পরিস্থিতির পরিসংখ্যান তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, “তুলনামূলক বিচারে দেশে বর্তমানে নাশকতা ও এ ধরনের অপরাধের হার অনেক কম। পরিস্থিতি কোনোভাবেই উদ্বেগজনক নয়।”

তিনি বলেন, “জনগণের নিরাপত্তা নিশ্চিতে বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট (বোম্ব ডিসপোজাল ইউনিট) ২৪ ঘণ্টা প্রস্তুত রাখা হয়েছে। যেকোনো ধরনের নাশকতার পরিকল্পনা প্রতিহত করতে আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক সজাগ রয়েছে।”

আগস্ট মাসে বিশেষ সতর্কতা কেন জারি করা হয়েছে-সাংবাদিকদের এমন প্রশ্নর উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর কিছু রাজনৈতিক তৎপরতার তথ্য পাওয়া গেছে। 

“এ কারণেই সংশ্লিষ্ট সব বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে এবং সাধারণ মানুষকেও সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।”