২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

জোয়ারে প্লাবিত নিঝুমদ্বীপ, হাসপাতালে নিতে না পারায় ঘরেই প্রসূতির মৃত্যু

পথঘাট তলিয়ে যান চলাচল বন্ধ থাকায় তাকে সময়মতো স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি বলে জানান স্বজনরা।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2026, 06:26 PM

Updated : 11 Sep 2026, 03:39 PM

নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপে অস্বাভাবিক জোয়ারে পথঘাট তলিয়ে গেছে। এমন পরিস্থিতিতে সময়মতো হাসপাতালে নিতে না পারায় এক প্রসূতির মৃত্যুর ঘটনা ঘটেছে।

বুধবার দুপুরে দ্বীপের ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নিঝুমদ্বীপ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লাভলী আক্তার।

মৃত নাজমা আক্তার (৩০) ওই গ্রামের মো. হক সাবের স্ত্রী।

স্থানীয় ইউপি সদস্য কেফায়েত হোসেন বলেন, দুপুরে অস্বাভাবিক জোয়ারের পানিতে দ্বীপের ইসলামপুর গ্রামের বিভিন্ন সড়ক ও পথঘাট ডুবে যায়। এতে যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়। 

এর মধ্যে সকালে নাজমা আক্তারের প্রসববেদনা শুরু হলে তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন পরিবারের সদস্যরা। তবে যানবাহন চলাচল বন্ধ থাকায় তাকে সময়মতো কোনো স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। অতিরিক্ত রক্তক্ষরণ ও শারীরিক জটিলতার কারণে তিনি মারা যান।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান লাভলী আক্তার বলেন, প্রসূতির আগে দুটি সন্তান রয়েছে। এটা তার তৃতীয় সন্তান হওয়ার কথা ছিল। চারপাশে পানি থাকায় ঘরের ভেতরেই সন্তানসহ প্রসূতির মৃত্যু হয়।