১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মধ্যরাতে কক্সবাজার ছাড়েন এনসিপি নেতারা

হোটেল ‘প্রাসাদ প্যারাডাইজ’ এর ব্যবস্থাপক বলেন, “রাত সাড়ে ১২টার পরপরই তারা দুটি গাড়িতে করে হোটেল ছাড়েন।”

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2025, 03:41 PM

Updated : 26 Aug 2026, 01:32 PM

কক্সবাজারে ‘ভ্রমণে’ আসা এনসিপির নেতারা মধ্যরাতে হোটেল ত্যাগ করে ঢাকায় ফিরে গেছেন।

এনসিপির কক্সবাজার জেলার অন্যতম সংগঠক খালিদ বিন ওয়ালিদ বলেন, “বৃহস্পতিবার রাত ১২টার দিকেই তারা চলে গেছেন। সড়ক পথেই ফিরেছেন চার শীর্ষ নেতা। আর সকালেই সস্ত্রীক কক্সবাজার ছাড়েন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।”

হোটেল ‘প্রাসাদ প্যারাডাইজ’ এর ব্যবস্থাপক ইয়াকুব আলী বলেন, “রাত সাড়ে ১২টার পরপরই তারা দুটি গাড়িতে করে হোটেল ছাড়েন।

“বেলা ১২টা পর্যন্ত হোটেল কক্ষ বুকিং রেখেছিলেন। সকালে দুজন সস্ত্রীক ঘুরতে বের হলেও রাতে হোটেলে ফিরেননি। অন্যরা হোটেলে অবস্থান করছিলেন। পরে তারাও রাতে চলে যান।”

কাউকে না জানিয়ে ৫ অগাস্ট (মঙ্গলবার) ‘জুলাই গণঅভুত্থান দিবস’ এর মত ‘গুরুত্বপূর্ণ দিবসে’ এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, তার স্ত্রী এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ এবং মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী কক্সবাজার যান।

সংবাদমাধ্যমের খবরের বলা হয়, দুপুরের দিকে একটি হোটেলে তারা সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করছেন বলে কক্সবাজারে খবর ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় বুধবার পাঁচ নেতাকে শোকজ করেছে দলটি। শোকজের জবাব সশরীরে হাজির হয়ে দেওয়ার জন্য পাঁচ নেতাকে ২৪ ঘণ্টা সময় দেয় এনসিপি।

কক্সবাজারে তারা উঠেছিলেন শহর থেকে ২৮ কিলোমিটার দূরের ইনানীর জালিয়াপালং এলাকার হোটেল ‘সি পার্ল রিসোর্টে’। পরদিন তারা সৈকতের সুগন্ধা পয়েন্টে অবস্থিত ‘প্রাসাদ প্যারাডাইজ’ হোটেলে ওঠেন।

আরও পড়ুন:

কক্সবাজারে রাতের বৃষ্টিতে ভিজলেন হাসনাত, সৈকতে খেললেন ফুটবল

৫ নেতার কক্সবাজার-কাণ্ডে অস্বস্তিতে এনসিপি

এনসিপির শীর্ষ নেতারা কক্সবাজারে, পিটার হাসের সঙ্গে বৈঠকের খবর অস্বীকার

এনসিপি নেতাদের সঙ্গে পিটার হাসের 'বৈঠকের খবরে' বিএনপির বিক্ষোভ

'দলকে না জানিয়ে' কক্সবাজারে, এনসিপির ৫ নেতাকে শোকজ