Published : 08 Feb 2026, 12:59 PM
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় দুইদিন আগে নিখোঁজ এক শিশুর লাশ বাথরুমের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার পশ্চিম চরমোহনা গ্রামে থেকে শনিবার রাতে মরদেহটি উদ্ধারের খবর জানিয়েছেন রায়পুর থানার ওসি শাহিন মিয়া।
দেড় বছরের শিশু কানিজ ফাতেমা ওই গ্রামের কাঞ্চন হোসেন ও জান্নাতুল ফেরদৌস মেরীনের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা বলছেন, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে নিখোঁজ হয় কানিজ ফাতেমা। এরপর অনেক খোঁজাখুঁজি করেও শিশুটির হদিস না মেলায় রাতেই মা জান্নাতুল ফেরদৌস বাদী হয়ে রায়পুর থানায় একটি অপহরণ মামলা করেন। মামলায় প্রতিবেশী তোফায়েল আহাম্মদ (৬০), ফিরোজা বেগম (৫০) ও নিশু আক্তারকে (২৫) আসামি করা হয়। পরে ওই মামলায় তাদের তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
শিশুটির মা জান্নাতুল ফেরদৌস মেরীন বলছেন, “ঘটনার দিন সকালে আমার মেয়ে প্রতিবেশী তোফায়েল আহাম্মদের ঘরের ভেতরে যায়। এরপর আর তাকে খুঁজে পাওয়া যায়নি।”
তার অভিযোগ, তাদের সঙ্গে তোফায়েলের জমি নিয়ে বিরোধ রয়েছে। এ কারণে তারাই তার মেয়ে কানিজ ফাতেমাকে হত্যা করে লাশ গুম করেছে।
এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত চলছে বলে ওসি শাহিন মিয়া জানিয়েছেন।