১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

টুঙ্গিপাড়ায় বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন

চলতি মৌসুমে টুঙ্গিপাড়া থেকে ৯৫৩ টন বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে খাদ্য অধিদপ্তর।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2026, 05:44 PM

Updated : 26 Aug 2026, 03:36 PM

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কৃষকদের কাছ থেকে বোরো ধান সংগ্রহ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। 

বুধবার দুপুরে উপজেলা খাদ্য গুদামে সর্দারপাড়া গ্রামের কৃষক সাখাওয়াত হোসেনের তিন টন বোরো হাইব্রিড ধান সংগ্রহের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী।

এ সময় টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম, কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ বিশ্বাস, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাবু, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জিল্লাল হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

টুঙ্গিপাড়া উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম বলেন, চলতি বোরো মৌসুমে প্রকৃত কৃষকের কাছ থেকে প্রতি কেজি ধান ৩৬ টাকা দরে, অর্থাৎ প্রতি মণ ১ হাজার ৪৪০ টাকা হিসেবে সংগ্রহ করা হবে। এ ক্ষেত্রে কৃষকদের পাওনা অর্থ থেকে ০.০৫ শতাংশ কর্তন করা হবে।

তিনি বলেন, চলতি মৌসুমে টুঙ্গিপাড়া থেকে ৯৫৩ টন বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে খাদ্য অধিদপ্তর।