১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বেনাপোল কাস্টমস হাউজে ‘কলম বিরতি’

তবে এ সময় বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি স্বাভাবিক ছিল।

বেনাপোল কাস্টমস হাউজে ‘কলম বিরতি’
রাজস্ব অধ্যাদেশ বাতিল এবং টেকসই রাজস্ব সংস্কারের দাবিতে বেনাপোল কাস্টমস হাউজে ‘কলম বিরতি’ কর্মসূচি পালিত হয়েছে।

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2025, 02:39 PM

Updated : 26 Aug 2026, 12:43 PM

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে প্রণীত রাজস্ব অধ্যাদেশ বাতিল এবং টেকসই রাজস্ব সংস্কারের দাবিতে দেশের অন্যান্য স্থানের মতো বেনাপোল কাস্টমস হাউজেও ‘কলম বিরতি’ পালন করেছেন কর্মকর্তা কর্মকর্তা-কর্মচারীরা।

বুধবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত কাস্টমস হাউজে কোনো কাজ হয়নি।  অধিকাংশ টেবিলই খালি দেখা গেছে। কিছু কর্মকর্তা উপস্থিত থাকলেও কোনো কাজ করেননি। 

নাম প্রকাশের শর্তে কাস্টমস হাউজের এক কর্মকর্তা বলেন, “কেন্দ্রীয়ভাবে ঢাকা থেকে বিষয়টি দেখা হচ্ছে সে কারণে আমরা কোনো বক্তব্য দিতে পারি না। তবে শতভাগ কলম বিরতি চলছে। কোনো কর্মকর্তা-কর্মচারি এখানে কাজ করছেন না।”

বৃহস্পতিবার এবং শনিবারেও এই কলম-বিরতি পালন করা হবে।

তবে এ সময় বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি স্বাভাবিক ছিল। কলম বিরতির কারণে নতুন করে কোনো পণ্যের আইজিএম ইস্যু করা হয়নি কিন্তু আগের ইস্যু করা আইজিএমের পণ্য আমদানি-রপ্তানি হচ্ছে। 

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস এসোসিয়েশনের কাস্টমস বিষয়ক সম্পাদক আব্দুল লতিফ বলেন, কাস্টমসের কলম বিরতির কারণে সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত হাউজে কোনো ফাইলে কাজ হয়নি “ 

কাস্টমস ও আয়কর ক্যাডার অ্যাসোসিয়েশন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ’ এর খসড়ায় কর্মকর্তাদের মতামত প্রতিফলিত হয়নি। বিভাগ দুটিতে কাস্টমস ও আয়কর ক্যাডারের জন্য পদ সংরক্ষিত না রেখে রাজস্বের কাজে অভিজ্ঞতা নেই এমন কর্মকর্তা পদায়নের সুযোগ রাখা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এতে একদিকে রাজস্ব ব্যবস্থাপনা কাজে অভিজ্ঞ নয় এমন কর্মকর্তা পদায়নের মাধ্যমে রাজস্ব প্রশাসনের দক্ষতা, গতিশীলতা এবং কার্যকারিতা বিঘ্নিত হবে, অন্যদিকে এনবিআরে কর্মরত দুটি ক্যাডারের কাজের ক্ষেত্র ও পদোন্নতির সুযোগ মারাত্মকভাবে ক্ষুন্ন হবে। 

তাই এনবিআর বিলুপ্ত করে রাজস্ব খাতকে দুটি পৃথক বিভাগে ভাগ করার প্রতিবাদে কর্মসূচি পালন করছেন সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা।