১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ময়মনসিংহে বাবা-মেয়ের গলা কাটা লাশ উদ্ধার

বাকবিতণ্ডার জেরে রতন ও তার মেয়েকে তার শ্বশুর-শাশুড়ি হত্যা করেছে বলে অভিযোগ পরিবারের।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2025, 12:03 PM

Updated : 26 Aug 2026, 05:06 PM

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় শ্বশুর বাড়ি থেকে এক ব্যক্তি ও তার মেয়ের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

উপজেলার ভূবনকুড়া ইউনিয়নের আমিরখাকুড়া গ্রামে মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে বলে হালুয়াঘাট থানার ওসি হাফিজুল ইসলাম হারুন জানান।  

নিহতরা হলেন- পাশের নালিতাবাড়ী উপজেলার বাঘবেড় খিশাকুড়ি এলাকার আমির হোসেনর ছেলে ৩৫ বছর বয়সী রতন মিয়া ও তার সাত বছরের মেয়ে নূরিয়া খাতুন।

এলাকাবাসী ও পুলিশ বলছে, দশ বছর আগে রতনের সঙ্গে আমিরখাকুড়া গ্রামের দুলাল মিয়ার মেয়ে জুলেখা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকে শ্বশুর বাড়িতে থাকতেন রতন। দুই বছর এক আগে স্বামী সন্তানকে রেখে দুবাই চলে যান জুলেখা।

গত বছর একবার ছুটিতে দেশে এসেছিলেন তিনি। সম্প্রতি ফের ছুটিতে বাড়ি আসেন জুলেখা৷ স্বামী রতন এবার তাকে আর বিদেশে যেতে নিষেধ করেন। এ নিয়ে কয়েকদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল।  

রতনের পরিবারের অভিযোগ, মঙ্গলবার রাতে বাকবিতণ্ডার জেরে রতন ও তার মেয়েকে তার শ্বশুর-শাশুড়ি গলা কেটে হত্যা করেছে।

হালুয়াঘাট থানার ওসি হাফিজুল ইসলাম হারুন বলেন, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।