Published : 21 Aug 2026, 07:51 PM
পাবনার ঈশ্বরদী উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অস্ত্র কেনাবেচার সময় এক ব্যক্তিকে আটক করেছে র্যাব।
এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, একটি গুলি ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
উপজেলার ছলিমপুর ইউনিয়নের ভারইমারী মাথালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে তাকে আটক করা হয়।
র্যাব-১২-এর সিপিসি-২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও সহকারী পুলিশ সুপার ডলি রানী সরকার এ তথ্য জানান।
আটক আলম সরদার (৪৪) রাজশাহীর পুঠিয়া উপজেলার সৈয়দপুর গ্রামের আফসার সরদারের ছেলে।
ডলি রানী সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অস্ত্র কেনাবেচার খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় আলম সরদারকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে অস্ত্র ও গুলি পাওয়া যায়।
র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলম সরদার দীর্ঘদিন ধরে অস্ত্র কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা জানিয়েছেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র ও মাদকসংক্রান্ত একাধিক মামলা রয়েছে।
এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে ঈশ্বরদী থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে।
ঈশ্বরদী থানার ওসি আশাদুর রহমান বলেন, শুক্রবার দুপুরে আলম সরদারকে আদালতে পাঠানো হয়। পরে আদালতের নির্দেশে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।