১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

জামালপুরে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪

পরে পুলিশের আরেকটি দল গিয়ে আসামি ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

জামালপুরে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
জামালপুরের মেলান্দহ থানা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 14 Sep 2026, 10:18 PM

Updated : 17 Sep 2026, 03:00 AM

জামালপুরের মেলান্দহ উপজেলায় মাদক মামলায় পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের চার সদস্য আহত হয়েছেন। 

খবর পেয়ে পুলিশের আরেকটি দল ও স্থানীয় লোকদের সহযোগিতায় আসামি ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার সন্ধ্যায় উপজেলার শ্যামপুর ইউনিয়নের ২ নম্বর চর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মেলান্দহ থানার ওসি এ টি এম মাহমুদুল হক।

আহত পুলিশ সদস্যরা হলেন- মেলান্দহ থানা পুলিশের এসআই তরিকুল ইসলাম হিমন (৩৪), এএসআই আব্দুল আওয়াল (৩৭), এএসআই আবু রায়হান (৪০), পুলিশ সদস্য আবু তাহের (২৯)। আহতরা মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

গ্রেপ্তাররা হলেন- ওই এলাকার এনামুল হক (২৮) ও তার স্ত্রী সবুজা বেগম। পরোয়ানাভুক্ত এনামুল হক চর এলাকার আব্দুল কুদ্দুছের ছেলে। 

ওসি মাহমুদুল হক বলেন, সন্ধ্যার দিকে মেলান্দহ থানার এসআই হিমন ও সঙ্গীয় ফোর্স এনামুল হককে গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করেন। এ সময় এনামুল হককে গ্রেপ্তার করা হলে তিনি পরিচয় গোপন করে অন্য নাম বলেন। 

পরে এনামুল যেতে চাইলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে এনামুল ও তার পরিবারের সদস্যরা পুলিশের ওপর হামলা করে এনামুলকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। পরে থানার থেকে আরও একটি ফোর্স গিয়ে এনামুল ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

আহতদের মধ্যে এসআই হিমনকে জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অন্যরা মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ওসি মাহমুদুল হক।