রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের প্রকল্প অনুমোদন, শিক্ষার্থীদের উচ্ছ্বাস
স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ৫১৯ কোটি টাকার ডিপিপি অনুমোদন দিয়েছে একনেক।
সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের উন্নয়ন প্রকল্প প্রস্তাব-ডিপিপি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির-একনেক সভায় অনুমোদন পেয়েছে। এতে উচ্ছ্বাসে ফেটে পড়েন শিক্ষার্থীরা।
দাবি আদায়ে শনিবার থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩ এর সামনে গণ-অনশনে বসা শিক্ষার্থীরা রোববার দুপুর সোয়া ২টার ডিপিপি অনুমোদনের খবর পেয়ে অনশন ভাঙ্গেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুমন কান্তি বড়ুয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক ফিরোজ আহমদ, প্রক্টর (ভারপ্রাপ্ত) নজরুল ইসলামসহ প্রক্টরিয়াল টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রক্টর (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ৫১৯ কোটি টাকার ডিপিপি অনুমোদন হওয়ায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্ট উপদেষ্টাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেইসঙ্গে দ্রুত প্রকল্পটি বাস্তবায়নের দাবি জানান তিনি।
উচ্ছ্বসিত শিক্ষার্থীরা বলেন, অনেক আন্দোলন সংগ্রামের ফল এই ডিপিপি। এই ডিপিপি অনুমোদনের মধ্যদিয়ে ষড়যন্ত্রকারীরা পরাজিত হয়েছে। সবার আশা, দ্রুত সময়ের মধ্যে এ প্রকল্পের কাজ শুরু হবে। এ সময় তারা সেনাবাহিনীর তত্ত্বাবধানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবি তোলেন।
নয় বছর আগে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা ২৩ জুলাই থেকে লাগাতার আন্দোলন করে আসছিলেন। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোও তাদের দাবির প্রতি সংহতি প্রকাশ করেন।
শনিবার বেলা ১২টা থেকে শিক্ষার্থীরা আমরণ অনশন শুরু করেন। অনশন চলাকালে অন্তত ২০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। সেখানে তাদের চিকিৎসা নিতে দেখা গেছে। দুপুরে একনেক সভায় প্রকল্পটি অনুমোদনের খবর পাওয়ার পর শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের মধ্যে স্বস্তি ফেরে।
