১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে’ কুয়েত প্রবাসী শ্যালক-দুলাভাইয়ের মৃত্যু

রাতে সেখানে প্রচুর ঠান্ডা পড়ায় তারা জেনারেটরের মাধ্যমে তাপ উৎপাদক যন্ত্র চালিয়ে তাবুতে ঘুমান, বলেন প্রতিবেশিরা।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2024, 09:37 PM

Updated : 10 Sep 2026, 12:25 PM

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে জেনারেটরের ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে সিলেটের বিশ্বনাথ উপজেলার দুই প্রবাসীর মৃত্যু হয়েছে; যারা সম্পর্কে শ্যালক-দুলাভাই। 

রোববার দুপুরে নিজ নিজ গ্রামে জানাজা শেষে তাদের দাফন সম্পন্ন হয় বলে স্বজনরা জানান।  

নিহতরা হলেন- বিশ্বনাথ পৌর এলাকার নরশিংপুর গ্রামের মৃত মনা উল্লাহর ছেলে কয়েছ মিয়া (৪৪) এবং কয়েছের শ্যালক উপজেলার লামাকাজী ইউনিয়নের শাখারীকোনা গ্রামের আব্দুল গৌছের ছেলে রাসেল আহমদ (২৯)।    

এর আগে রোববার সকালে তাদের লাশ এসে পৌঁছে।   

সন্ধ্যায় কয়েছ মিয়ার মেয়ের জামাই মুজাহিদ আলী বলেন, তার শ্বশুর কুয়েতে একটি কোম্পানির অধিনে মরুভূমি এলাকায় পর্যটকদের জন্য স্থাপতি বেশকিছু তাবু দেখভালে নিয়োজিত ছিলেন; নিজেও তাবুতে রাত্রি যাপন করতেন। গত মঙ্গলবার কয়েছ শারীরিকভাবে অসুস্থ হলে তার প্রবাসী শ্যালক রাসেল আহমদ দুলাভাইকে দেখতে যান।  

ওই রাতে কয়েছ মিয়ার সঙ্গেই থেকে যান রাসেল।  

রাতে সেখানে প্রচুর ঠান্ডা পড়ায় তারা জেনারেটরের মাধ্যমে তাপ উৎপাদক যন্ত্র চালিয়ে তাবুতে ঘুমিয়ে ছিলেন। 

সকালে কোনো সারাশব্দ না পেয়ে প্রতিবেশি তাবুর লোকজন গিয়ে অচেতন অবস্থায় দুজনকে উদ্ধার করে আল সাবা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

হাসপাতালের প্রতিবেদনে জেনারেটরের ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে তাদের মৃত্যুর কথা উল্লেখ করা হয়েছে বলে জানান মুজাহিদ।

তিনি আরও বলেন, তার শ্বশুর দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। সেখান থেকে দেশে ফিরে গত ৩ মাস আগে কুয়েতে যান। 

কয়েছ মিয়ার পুত্র-কন্যা-মা-স্ত্রীসহ অসংখ্য স্বজন রেখে গেছেন। 

রাসেল আহমদ গত ৪ বছর আগে কুয়েতে গিয়ে ব্যবসা জুড়েন। তার ১৩ মাস বয়সি এক কন্যা রয়েছে বলে জানান স্বজনরা।

প্রবাসে দুজনের মৃত্যুর বিষয়টি তার জানা নেই, বলেন বিশ্বনাথ থানার ওসি মো. রুবেল মিয়া।