১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

হামলার শিকার এনসিপি নেতারা পুলিশ সুপারের কার্যালয়ে

এনসিপির যুগ্ম সদস্যসচিব আলাউদ্দিন মোহাম্মদ বলেন, “এনসিপির কেন্দ্রীয় নেতারা সন্ত্রাসীদের আক্রমণের শিকার হয়ে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নিয়েছেন।”

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2025, 05:21 PM

Updated : 26 Aug 2026, 01:23 PM

সমাবেশ শেষ করে গোপালগঞ্জ থেকে বেরিয়ে যাওয়ার পথে গাড়ি বহরে হামলার পর জাতীয় নাগরিক পার্টি-এনসিপি নেতারা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থান নিয়েছেন। 

বুধবার বিকাল পৌনে ৩টার দিকে শহরের লঞ্চ ঘাট এলাকায় গোপালগঞ্জ সরকারি কলেজের সামনে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। 

সকাল থেকে দফায় দফায় হামলা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে এনসিপি নেতারা শহরের পৌর পার্ক এলাকায় সমাবেশ করেছিলেন। সেখান থেকে পুলিশ ও সেনাবাহিনীর প্রহরায় গাড়ি বহর নিয়ে বেরিয়ে কিছু দূর যাওয়ার পর পরই শত শত জনতা সেখানে হামলা চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। 

এরপরই পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এনসিপি নেতাদের গাড়িবহর ঘুরিয়ে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যান। তারা সেখানেই অবস্থান করছে। 

ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীরা বলছেন, গোটা এলাকায় রণক্ষেত্রে পরিণত হয়েছে। ফলে মানুষের পক্ষে এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করা অসম্ভব হয়ে পড়েছে।  

এনসিপির যুগ্ম সদস্যসচিব আলাউদ্দিন মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এনসিপির কেন্দ্রীয় নেতারা সন্ত্রাসীদের আক্রমণের শিকার হয়ে পাশের একটি ভবনে আশ্রয় নিয়েছেন। পরে জানতে পেরেছেন এটি জেলা পুলিশ সুপারের কার্যালয়। এখন আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় সন্ত্রাসপ্রবণ এলাকা অতিক্রম করে পদযাত্রার পরবর্তী কর্মসূচিতে যোগ দেওয়ার চেষ্টা করছেন।”