Published : 07 Apr 2026, 04:40 PM
সাতক্ষীরার সুন্দরবনে কাঁকড়া আহরণে গিয়ে ‘বনদস্যুদের গুলিতে’ এক জেলে গুলিবিদ্ধ হয়েছেন।
মঙ্গলবার বেলা ১১টার দিকে সুন্দরবনের কলাগাছিয়া মুরলি খালের ভারানির মুখ এলাকায় এ ঘটনা ঘটে বলে বন বিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন অফিসার ফজলুল হক জানিয়েছেন।
আহত ৬৫ বছর বয়সী আতিয়ার রহমান শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের মান্দার গাজীর ছেলে।
আতিয়ার বলছেন, প্রতিদিনের মতো সকালে কাঁকড়া আহরণের জন্য সুন্দরবনের নির্দিষ্ট এলাকায় যান তিনি। এ সময় হঠাৎ করে বনদস্যুদের একটি দল সেখানে এসে জেলেদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হন তিনি। পরে সঙ্গে থাকা অন্য জেলেরা তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়।
আতিয়ারকে প্রথমে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বুড়িগোয়ালিনী ইউনিয়নের বনজীবী বারেক আলী বলেন, “সুন্দরবনের বিভিন্ন খাল-নদীতে প্রায়ই বনদস্যুদের তৎপরতা দেখা যায়। ফলে জেলে ও বনজীবীদের জীবন-জীবিকা হুমকির মুখে পড়ছে।”
বন বিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন অফিসার ফজলুল হক বলেন, “বনদস্যুদের ছোড়া গুলিতে জেলে আতিয়ার আহত হয়েছেন। গুলিবিদ্ধ অবস্থায় আমাদের স্টেশনে আনা হলে তাৎক্ষণিকভাবে তাকে চিকিৎসার জন্য শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। বিষয়টি পুলিশ ও কোস্টগার্ডকে জানানো হয়েছে।”
এ বিষয়ে শ্যামনগর থানার ওসি খালেদুর রহমান বলেন, বনদস্যুদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। যৌথ অভিযান পরিচালনার প্রস্তুতি নেওয়া হচ্ছে।