Published : 24 Mar 2026, 05:16 PM
বরিশালের গৌরনদী উপজেলায় খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার পশ্চিম ভূরঘাটা গ্রামে মোশারফ হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে বলে গৌরনদী থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন।
মৃতরা হলেন- পশ্চিম ভূরঘাটা গ্রামের ভ্যানচালক কাওছার হাওলাদারের একমাত্র ছেলে রমজান হাওলাদার (৩) ও আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের গোয়াইল গ্রামের ইরাক প্রবাসী বাহাদুর মৃধার একমাত্র ছেলে মোহাম্মদ মৃধা (৩)।
তারা সম্পর্কে মামাতো ও ফুফাতে ভাই।
মোশারফ হাওলাদার বলেন, “মেয়ে আয়শার সঙ্গে নাতি মোহাম্মদ মৃধা বাড়িতে বেড়াতে এসেছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে ছেলের ঘরে নাতি রমজান ও মোহাম্মদ বাড়ির উঠানে একসঙ্গে খেলছিল।
“পরিবারের সকলের অগোচরে বাড়ির পাশের একটি ডোবার পানিতে পড়ে যায় তারা। অনেক খোঁজাখুঁজির পর তাদের উদ্ধার করে সকাল ১০টার দিকে পাশের মাদারীপুর জেলার কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।”
কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. সাহতা জারাব সালেহিন বলেন, “হাসপাতালের আনার অনেক আগেই দুই শিশুর মৃত্যু হয়। স্বজনদের অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।”
ওসি তারিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।