১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

যশোরে ক্রিস্টাল মেথ তৈরির কাঁচামালসহ নারী গ্রেপ্তার

জব্দ করা কাঁচামালের আনুমানিক মূল্য সাড়ে ২৫ লাখ টাকা বলে জানায় পুলিশ।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2026, 10:09 PM

Updated : 10 Sep 2026, 05:57 PM

যশোর সদরে ক্রিস্টাল মেথ বা আইস তৈরির কাঁচামালসহ এক নারীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি।

শুক্রবার তার বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয় বলে জানান যশোর জেলা গোয়েন্দা পুলিশের এসআই আমিনুল ইসলাম।

কারাগারে যাওয়া শাপলা খাতুন ওরফে স্বপ্না (২৮) সাতক্ষীরার আখড়াখোলা এলাকার আক্তারুজ্জামানের মেয়ে।

এদিন বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তির পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে শহরের মনিহার সিনেমা হল সংলগ্ন ঈগল পরিবহনের কাউন্টারের সামনে থেকে স্বপ্নাকে আটক করা হয়।

এ সময় ঈগল পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে দুটি সাদা প্লাস্টিকে বস্তা থেকে ২৫ কেজি এফিড্রিন এবং ছয় লিটার পিউরিফাইড হাইড্রোক্লোরিক এসিড উদ্ধার করা হয়; যার আনুমানিক মূল্য সাড়ে ২৫ লাখ টাকা বলে জানায় পুলিশ।

এসআই আমিনুল ইসলাম বলেন, জব্দ করা এসব কাঁচামাল ব্যবহার করে ক্রিস্টাল মেথ বা আইস তৈরি করা হয়। 

এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ শেষে শুক্রবার ওই নারীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানান তিনি।