১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে কিশোর অপরাধে জড়িত সন্দেহে আটক ২২

একজনকে আটক রেখে বাকী ২১ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2025, 01:14 PM

Updated : 26 Aug 2026, 01:23 PM

চাঁদপুরে কিশোর অপরাধে জড়িতদের নিয়ন্ত্রণে পুলিশের অভিযান চলছে। অভিযানের দ্বিতীয় দিন আটক করা হয়েছে ২২ জনকে। 

এর মধ্যে একজনকে আটক রেখে বাকী ২১ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে বলে মঙ্গলবার সকালে জানিয়েছেন চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া।

তিনি বলেন, সোমবার সন্ধ্যা সন্ধা সাড়ে ৭টা  থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত চাঁদপুর সদরের ছায়াবানী মোড়, মিশন রোডের মোড়, লেংটা বাড়ি সিএনজি স্টেশন, হাসান আলী মাঠ ও কালিবাড়ি প্লাটফর্মসহ গুরুত্বপূর্ণ স্থানে অভিযান চালিয়ে ২২ জনকে ‘কিশোর অপরাধী’ সন্দেহে আটক করা হয়।

তারা হলেন- আদীব (২০), মো. ফাহিম মিয়া (২০), ইয়াছিন মিজি (১৮), শাহাদাত হোসেন (২০), জুনায়েত তালুকদার (২০), ইয়াছিন আরাফাত (২০), মোহাইমিনুল ইসলাম (১৮), আল-আমিন (১৮), মো. রাব্বি (১৮), আলিফ বিন আজিজ (২৫), মজিব মাহাবুব জ্যোতি (২৩), আল-আমিন (২৩), আব্দুর রহমান (২৫) ও মোকতাদির আহাম্মেদ(২৩)।

অন্য সাতজন ১৬ থেকে ১৭ বছর বয়সী। 

ওসি আরও বলেন, আটকের পর তাদের যাচাই বাছাই করে কিশোর অপরাধের বিষয়ে কাউন্সেলিং করে ২১ জনকে মুচলেকা রেখে এবং প্রকৃত অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয়া হয়। বাকি একজনকে থানা হাজতে আটক রয়েছে। 

এর আগে রোববার রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কিশোর অপরাধে জড়িত সন্দেহে ৩২ জনকে আটক করে পুলিশ। তাদেরকেও কাউন্সেলিং করে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

ওসি বাহার মিয়া বলেন, কিশোর অপরাধে জড়িতের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অভিভাবকদের আরো সচেতন হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করবো।