২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

নওগাঁয় বাস থেকে চালকের সহকারীর লাশ উদ্ধার

তিনি ‘বি আর সুপার পরিবহন’ বাসের চালকের সহকারী ছিলেন।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2026, 04:47 PM

Updated : 26 Aug 2026, 03:16 PM

নওগাঁ শহরের একটি গ্যারেজে রাখা বাসের ভেতর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার বেলা ১১টার দিকে শহরের বাইপাস বরুণকান্দির মোড় এলাকার গ্যারেজে রাখা বাস থেকে মরদেহটি উদ্ধারের খবর জানান নওগাঁ সদর থানার ওসি (তদন্ত) খোরশেদ আলম জানিয়েছেন।

নিহত ২২ বছর বয়সী জাহিদ ইসলাম মান্দা উপজেলার তুলশীরামপুর গ্রামের ইব্রাহিমের ছেলে। তিনি ‘বি আর সুপার পরিবহন’ বাসের চালকের সহকারী ছিলেন।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা বলছে, প্রায় এক বছর ধরে ওই পরিবহনের শ্রমিক হিসেবে কাজ করছিলেন জাহিদ। সোমবার সকালে বাসটি মেরামতের জন্য বরুণকান্দি মোড়ের ওই গ্যারেজে নেওয়া হয়।

রাতে খাবার খেয়ে সহকর্মী ইউসুফের সঙ্গে বাসের ভেতরেই ঘুমিয়ে পড়েন তিনি। মঙ্গলবার সকালে ইউসুফ জাহিদকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে সন্দেহ হলে থানায় খবর দেওয়া হয়।

ওসি খোরশেদ বলেন, “প্রাথমিকভাবে জাহিদ নামের ওই ব্যক্তির মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বাকিটা বলা যাবে।”

ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং হত্যার কোনো আলামত পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।