আওয়ামী লীগ সরকার ছিল আফ্রিকান মাগুরের মত: রিজভী
বরিশালের বাকেরগঞ্জে ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ‘আফ্রিকান মাগুর মাছের মত’ ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেছেন, “আফ্রিকান মাগুর পুকুরের মধ্যে যা পায় সব খেয়ে সাবাড় করে দেয়। ঠিক আওয়ামী লীগও ছিল আফ্রিকান মাগুর। তারা সবকিছু খেয়ে শেষ করে গোটা জাতিকে ধ্বংসস্তূপের মাঝে রেখে গেছে।
“তাদের এই অন্যায়, অবিচার, জুলুম, মানুষ হত্যার বিরুদ্ধে অনেক দিন ধরে বিএনপি এবং সমমনা রাজনৈতিক দলগুলো লড়াই করেছে। সর্বশেষ জুলাই-অগাস্টের আন্দোলন, মহাবিপ্লবের মধ্য দিয়ে তাদেরকে দেশ ছেড়ে পালাতে হয়েছে।”
শনিবার বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত চব্বিশের গণআন্দোলনে বরিশাল বিভাগে নিহতদের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও সহমর্মিতা প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
বিএনপি নেতা বলেন, “১৫ বছর প্রধানমন্ত্রী থেকে শেখ হাসিনা বাংলাদেশ ব্যাংক লুট করেছে, বেসিক ব্যাংক লুট করেছে, সোনালী ব্যাংক লুট করেছে, বাংলাদেশের আর্থিকপ্রতিষ্ঠান লুট করেছে। তিনি ক্ষমতায় থাকতে চেয়েছিলেন আরও বেশি লুটপাট, আরো বেশি টাকা পাচার করার জন্য। এটাই হচ্ছে তার রাজনৈতিক দর্শন, এটাই ছিল তার চিন্তাধারা।
“তার ১৫ বছরের দুঃশাসনে বিদেশ থেকে ঋণ পেয়েছে প্রায় ১৮ লাখ ৬০ হাজার কোটি টাকা আর এই সময়ে টাকা পাচার হয়েছে ১৭ লাখ ৩৫ হাজার কোটি টাকা। তার মধ্যে দেশপ্রেম ছিল না, দেশের মানুষকে তিনি কখনোই ভালোবাসতেন না। তার স্বপ্ন ছিল একটাই, বাংলাদেশেকে আর্থিকভাবে দেউলিয়া করে যাওয়ার।”
রিজভী বলেন, “শুল্ক কমানোর পরও তেলের দাম বাড়ছে। এটা নিয়ে সরকারের পদক্ষেপ নিতে হবে এবং সিন্ডিকেটবাজদের ধরতে হবে। ঢাকার বাজারে চাল, চিনি, ডাল, আটা, পেঁয়াজ, কাঁচামরিচ সবকিছুর দাম বাড়ছে। এজন্য সিন্ডিকেট চক্র এবং চক্রের চক্রান্তকারীসহ শেখ হাসিনার দোসরদের ধরতে দেরি হচ্ছে বলে বাজার নিয়ন্ত্রণ হচ্ছে না। সিন্ডিকেটকারীদের গ্রেপ্তার করলে সবকিছুর দাম কমে যাবে বাজারে।”
বিএনপি নেতা বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতি দিয়েছে, তারা নির্দিষ্ট সময়ের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবে। আর সেই অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ১৫ বছর পর প্রত্যেকটি মানুষ যাতে ভোট দিতে পারে সেই পরিবেশ নিশ্চিত করবে তারা। কিন্তু এটা যদি দীর্ঘ কালক্ষেপণ হয়, তাহলে আবার মানুষের মধ্যে নতুন নতুন প্রশ্ন দেখা দেবে।”
উপজেলার দুধল ইউনিয়নের সুন্দরকাঠী এলাকার জাহাঙ্গীর হোসেন মোল্লা ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘আমরা বিএনপি পরিবার’ এর আহ্বায়ক আতিকুর রহমান রুম্মান।
এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও মাহাবুবুল হক নান্নু, বরিশাল নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন ও সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদার, জেলা বিএনপির (দক্ষিণ) আহ্বায়ক আবুল হোসেন খান ও সদস্যসচিব আবুল কালাম শাহিন, বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব নাসির হাওলাদার, পৌর বিএনপির সভাপতি নাসির জমাদ্দার ও সাধারণ সম্পাদক শাহিন তালুকদার।
এর আগে রুহুল কবির রিজভী বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নিহত উপজেলার সুন্দরকাঠী গ্রামের আরিফুর রহমান রাসেলের কবর জিয়ারত করেন।
সভার শুরুতে গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা-সহমর্মিতা জানিয়ে বরিশাল বিভাগের ৩১টি শহীদ পরিবারকে উপহার তুলে দেন রিজভী।
বিএনপি জানিয়েছেন, এ উদ্যোগে দেশের ২৮টি জেলার দেড়শ শহীদ পরিবারকে সহায়তা করা হয়েছে।
