আচরণবিধি: বিএনপি প্রার্থী শাহাদাত সেলিমকে শোকজ
রোববার নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্য রায়পুর সিভিল জজ আদালতের বিচারক বিল্লাল হোসেন এই নোটিশ পাঠান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে ভোট চাওয়ায় লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের বিএনপি প্রার্থী শাহাদাত হোসেন সেলিমকে শোকজ করা হয়েছে।
রোববার নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্য রায়পুর সিভিল জজ আদালতের বিচারক বিল্লাল হোসেন এই নোটিশ পাঠান।
নোটিশে বলা হয়েছে, শাহাদাত সেলিম সমাবেশ করে ভোট চেয়েছেন এবং তা নিজের ফেইসবুকে প্রকাশ করেছেন। একজন প্রার্থী হিসেবে এ কর্মকাণ্ড সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫ এর বিধি-৩, বিধি-১৮ এর সুস্পষ্ট লঙ্ঘন।
এ জন্য তার বিরুদ্ধে কেন নির্বাচন কমিশনে সুপারিশসহ অভিযোগ করা হবে না সে বিষয়ে ২০ জানুয়ারি সশরীর বা প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টিকে (বিএলডিপি) ‘বিলুপ্ত’ ঘোষণা করে বিএনপিতে যোগ দেন দলটির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম। এরপরই বিএনপি তাকে লক্ষ্মীপুর-১ আসনে প্রার্থী করে।
শোকজের ব্যাপারে জানতে চাইলে শাহাদাত সেলিম বলেন, তিনি চিঠি পেয়েছেন। আইনজীবীর সঙ্গে পরামর্শ করে যথাসময়ে জবাব দেবেন।
