Published : 31 Jan 2026, 02:53 PM
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় শ্যালোইঞ্জিনচালিত ভটভটির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুজনের মৃত্যু হয়েছে।
শনিবার সকাল আনুমানিক ৭টার দিকে উপজেলার থালতা-মাজগ্রাম ইউনিয়নের দারিয়াপুর পালপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে নন্দীগ্রাম থানার ওসি মিজানুর রহমান জানান।
নিহতরা হলেন— দারিয়াপুর উত্তর মণ্ডলপাড়ার লাজিম উদ্দিনের ছেলে সুইট মিয়া (৫৫) এবং মৃত ইব্রাহিম হোসেনের ছেলে আজিজার রহমান (৫৫)।
আজিজার পেশায় একজন কাঠমিস্ত্রি এবং সুইট কৃষক। তারা দুজনই স্থানীয়ভাবে পরিচিত ও পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে দামরুলের মাঠে আলুর জমি সেঁচ দেওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন সুইট। প্রতিবেশী হওয়ায় এবং একই পথে যাওয়ায় আজিজারও তাঁর মোটরসাইকেলে উঠেন।
পথে দারিয়াপুর পালপাড়ার মাঝামাঝি সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিনচালিত ভটভটির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় দুজনই ছিটকে সড়কে পড়েন।
এতে ঘটনাস্থলেই আজিজারের মৃত্যু হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সুইটকে উদ্ধার করে দ্রুত বিজরুল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই দুর্ঘটনার খবরে নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম, স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।
ওসি মিজানুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি ব্যবস্থাও প্রক্রিয়াধীন রয়েছে।