০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

চান্দিনায় আগুনে পুড়ল অর্ধশতাধিক দোকান

মাধাইয়া বাজার মসজিদের পাশের একটি মিষ্টির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2024, 11:07 AM

Updated : 26 Aug 2026, 11:13 AM

কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫০টির বেশি দোকান পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুমিল্লার সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম ভূঁইয়া জানান, রোববার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন মাধাইয়া বাজারে লাগা এ আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট রাত ২টার দিকে নিয়ন্ত্রণে আনে। আগুন পুরোপুরি নেভাতে রাত ৩টা বেজে যায়।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, মাধাইয়া বাজার মসজিদের পাশের একটি মিষ্টির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। টিনসেটের দোকানের ওই আগুন মুহূর্তের মধ্যে আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে চান্দিনা, কুমিল্লা ও দাউদকান্দি ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট যোগ দেয়। আগুনে মিষ্টির দোকান, মুদি দোকান, কাপড়ের দোকান, জুতার দোকান ও ওষুধের দোকানসহ অর্ধশতাধিক ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।

মাধাইয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কে এম জামাল বলেন, “মাধাইয়া বাজারের সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অর্ধশতাধিত দোকান পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও বলা যাচ্ছে না।”

অগ্নিকাণ্ডের সূত্রপাত কিভাবে প্রশ্নে চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার অনয় কুমার ঘোষ বলেন, “সেটা এখনই বলা যাচ্ছে না। তবে এটি বড় ধরনের অগ্নিকাণ্ড।”

ফায়ার সার্ভিস কর্মকর্তা তৌফিকুল ইসলাম বলছেন, “ভয়াবহ এ আগুনে অর্ধশতাধিক দোকান পুড়ে গেছে। কি কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেটি খতিয়ে দেখা হবে।”