১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভারতে অনুপ্রবেশ: সাজা খেটে ফিরলেন ৪ তরুণী

ভাল কাজের আশায় বিভিন্ন সময় দালালদের মাধ্যমে অবৈধ পথে তারা ভারতে প্রবেশ করেন বলে জানায় বেনাপোল ইমিগ্রেশন পুলিশ।

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2026, 10:42 PM

Updated : 26 Aug 2026, 03:14 PM

ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করা চার তরুণী বিভিন্ন মেয়াদে সাজা খেটে যশোরের বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন।

মঙ্গলবার সন্ধ্যায় বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদেরকে হস্তান্তর করে বলে জানান বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শক (তদন্ত) সৈয়দ মোর্তজা আলী।

ফেরত আসারা হলেন- নারায়ণগঞ্জের তিনগাঁও গ্রামের পপি শাহাবুদ্দিন বেপারী (৩৭), গাইবান্ধার তালুক জামিরা গ্রামের মোনালিসা নেহা মফিজুর রহমান (২৭), যশোর তপসি ডাঙা গ্রামের মরিয়ম খাতুন (৩৩) এবং মুন্সীগঞ্জের খানবাড়ি পূর্ব মুন্সিয়া গ্রামের রাত্রি আক্তার (৩৪)।

ফেরত আসাদের বরাতে পরিদর্শক মোর্তজা আলী বলেন, ভালো কাজের আশায় তারা বিভিন্ন সময় দালালদের মাধ্যমে অবৈধ পথে ভারতে প্রবেশ করেন। পরে দেশটির মুম্বাই, চব্বিশ পরগনা, দিল্লি ও রাজস্থান শহরে কাজের সন্ধানে ঘোরাঘুরির সময় তাদের আটক করে পুলিশ।

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আদালত তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে কারাগারে পাঠায় বলে জানান তিনি।

তিনি বলেন, পরবর্তীতে তাদেরকে সংশোধনাগারে পাঠানো হলে বিভিন্ন শেল্টার হোমে রাখা হয়। সেখানে তাদেরকে হস্তশিল্প ও কারিগরি প্রশিক্ষণ প্রদান করা হয়। পরে ভারত ও বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে তারা দেশে ফেরার সুযোগ পান।

সন্ধ্যায় ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয় বলে জানান মোর্তজা আলী।

পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য তাদেরকে পোর্ট থানা থেকে তিনটি মানবাধিকার সংগঠন গ্রহণ করে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।