১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রেললাইনের পাশে কিশোরের মরদেহ: পুলিশ বলছে, কাটা পড়ার ‘চিহ্ন নেই’

নিহতের পরিচয় শনাক্ত করতে পিবিআইকে খবর দেওয়া হয়েছে, বলছে পুলিশ।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2025, 02:26 PM

Updated : 26 Aug 2026, 02:21 PM

নরসিংদীর রায়পুরা উপজেলায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

মঙ্গলবার দুপুরে উপজেলার শ্রীনিধি রেল স্টেশনের অদূরে চান্দেরকান্দি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই জহুরুল ইসলাম জানিয়েছেন।  

নিহতের বয়স ১৬ বছর বলে ধারণা করছে পুলিশ। তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি।

রেলওয়ে পুলিশ বলছে, রেলওয়ের কয়েকজন কর্মচারী ও স্থানীয়রা সকালে চান্দেরকান্দি এলাকার রেললাইনের পাশে এক কিশোরের মরদেহ পড়ে থাকতে দেখেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বেলা ১টার দিকে মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়।

এসআই জহুরুল বলেন, “প্রাথমিকভাবে মরদেহের শরীরে ট্রেনে কাটা পড়ার কোনো চিহ্ন দেখা যায়নি। ওই কিশোরের পরিচয় শনাক্ত করতে পারেনি স্থানীয়রা। পরিচয় শনাক্ত করতে পিবিআইকে খবর দেওয়া হয়েছে।”

মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান তিনি।