Published : 07 Nov 2025, 03:06 AM
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ‘বালু মহাল নিয়ন্ত্রণে নেওয়াকে’ কেন্দ্র করে বিএনপি নেতা দুই ভাইয়ের সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত চারজন আহত ও বাড়িঘরে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা থেকে টানা তিন ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষের সময় প্রতিপক্ষের বাড়িঘরে লুটপাট ও আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ ও তার ছোট ভাই পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিলের সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে।
সংঘর্ষ ও আগুন দেওয়ার ঘটনার পর দুই বিএনপি নেতাকেই থানা হেফাজতে নেওয়ার তথ্য দিয়ে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম বলেন, এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সদস্যরা বলেন, উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ারচর বাসিন্দা আব্দুর রউফ ও তার ছোট ভাই আব্দুল জলিলের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। উনিয়নের বালু মহাল নিয়ন্ত্রণে রাখতে স্থানীয়ভাবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ দ্বন্দ্বের জেরে রাত সাড়ে ৮টার দিকে তাদের সমর্থকরা সংঘর্ষে জড়ান।
একে অপরের ওপর ইট-পাটকেল ছোড়ার পাশাপাশি বাড়িঘরে আগুন দেওয়া হয়। এসময় লুটপাটের অভিযোগ করা হয়েছে উভয় পক্ষের তরফে।
আগুন নেভাতে গেলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীদের উপর ইট-পাটকেলও ছুড়েছে সংঘর্ষে জড়ানো ব্যক্তিরা।
অন্তত চারটি ঘরে আগুন দেওয়ার তথ্য দিয়ে ঘটনাস্থলে যাওয়া সোনারগাঁ থানার এসআই সারোয়ার হোসেন বলেন, “স্থানীয় বিএনপির দুই নেতার সমর্থকরা একে অপরের বাড়িতে আগুন দিয়েছেন। আগুন নেভাতে গেলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীদের উপর ইট-পাটকেলও ছুড়েছে তারা।”
পরে অতিরিক্ত পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় বলে জানান তিনি।
এ ঘটনায় চারজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানোর তথ্যও দেন তিনি।
সোনারগাঁ ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার জাহেদুল ইসলাম বলেন, “একটি ঘরে আগুন নেভানোর সময় আরেকটি বাড়িতে আগুন দেওয়ার খবর পাই। সব আগুন নেভাতে ফায়ার সার্ভিসের দুʼটি ইউনিটের প্রায় এক ঘণ্টা সময় লেগেছে।”
সংঘর্ষে আহত আব্দুল জব্বারের সমর্থক হিসেবে পরিচিত রানা মিয়া সাংবাদিকদের বলেন, আগুন দেওয়া চারটি ঘর তাদের পক্ষের লোকজনের।