Published : 01 Dec 2025, 04:52 PM
পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পাহাড়ি ছাত্র পরিষদ-পিসিপি, যুব সমিতি ও হিল উইমেন্স ফেডারেশন।
সোমবার দুপুরে শহরের মহাজনপাড়া সূর্যশিখা থেকে মিছিলটি শুরু হয়ে শাপলা চত্বর ঘুরে ‘চেঙ্গী স্কয়ারে’ গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশে বক্তারা চুক্তি বাস্তবায়নে সরকারের অগ্রগতি না থাকায় ক্ষোভ প্রকাশ করেন।
এতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি-জেএসএস সমর্থিত সংগঠন পিসিপির কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক সুনয় চাকমার সঞ্চালনায় পিসিপির খাগড়াছড়ি জেলা সভাপতি জেসলেন চাকমা, পিসিপির সভাপতি সুজন চাকমা ঝিমিট, যুব সমিতির সভাপতি জ্ঞান প্রিয় চাকমা এবং হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় আহ্বায়ক মায়া চাকমা বক্তব্য দেন।

এ সময় বক্তারা ১৯ শতকের পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি কার্যকর রাখা এবং শান্তি চুক্তি অনুযায়ী সাধারণ প্রশাসন, পুলিশ, ভূমি ও ভূমি ব্যবস্থাপনা, উপজাতীয় আইন ও সামাজিক বিচার কার্যাবলীসহ বিভিন্ন খাতের নির্বাহী ক্ষমতা আঞ্চলিক পরিষদ ও তিন পার্বত্য জেলা পরিষদে হস্তান্তরের দাবি জানান।
এ ছাড়া চুক্তি অনুযায়ী স্থায়ী বাসিন্দাদের ভিত্তিতে ভোটার তালিকা প্রস্তুত করে তিন পার্বত্য জেলা পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের নির্বাচনসহ আট দফা দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান আন্দোলনকারীরা।